Manipur women video: মণিপুরের ঘটনায় উত্তাল দেশ! মূল অভিযুক্তের মৃত্যুদণ্ডের কথা ভাবছে সরকার
Manipur women video: মণিপুরের বিতর্কিত ভিডিও কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত! বুধবারই ওই ভিডিও প্রকাশ্যে আসে। বৃহস্পতিবারের মধ্যেই মোট দুজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনা গত ৪ মে। দুই মহিলাকে বিবস্ত্র অবস্থায় নিয়ে যাচ্ছে একদল পুরুষ ( যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা)।
আর বিতর্কিত এই ভিডিও ভাইরাল ( Manipur Viral Video) হতেই নতুন করে উত্তেজনা মণিপুরে। একদিকে সে রাজ্যে ট্রাইবাল লিডার্স ফোরাম প্রতিবাদ জানাচ্ছে অন্যদিকে তোলপাড় জাতীয় রাজনীতিও। মূল অভিযুক্তের নাম হুইরেম হিরোদাস মেটেই বলে জানা যাচ্ছে। বয়স ৩২। ভিডিওতে ওই যুবককে সবুজ টি শার্ট পড়তে দেখা যাচ্ছে।

এই ব্যক্তি এক মহিলাকে নিয়ে যাচ্ছিল। ভিডিও থেকে চিহ্নিত করা হয় হুইরেম হিরোদাসকে। এরপর বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। এদিন লোকসভায় বাদল অধিবেশনের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে মণিপুরের ভয়ঙ্কর ঘটনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনায় খুবই লজ্জাজনক বলে অভিহিত করেন তিনি।
শুধু তাই নয়, এই ঘটনা যে কোনও সভ্য সমাজের কাছে লজ্জাজনক বলেও মন্তব্য করেন মোদী। তাঁর কথায়, দুই মহিলার সঙ্গে যা ঘটেছে তা ক্ষমার অযোগ্য। এবং দোষীরা শাস্তি পাবেই। ইতিমধ্যে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এই ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেছেন মনিপুরের মুখ্যমন্ত্রীও। তিনি জানিয়েছেন, ভিডিওটি সামনে আসার সঙ্গে সঙ্গেই স্বতঃপ্রণোদিত ভাবে ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। এই ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে একেবারে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন এন বীরেন সিং।
শুধু তাই নয়, মৃত্যুদণ্ডের কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্টও। কেন্দ্রকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আদালত। অন্যদিকে বিজেপিকেও তুলোধোনা করেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায় এই ঘটনায় ভয়ঙ্কর ভাবে লজ্জিত তিনি।
ভয়াবহ ভিডিয়োটি দেখে হৃদয় ভেঙে গিয়েছে বলেও উল্লেখ প্রশাসনিক প্রধানের। সবাইকে একজোট হয়ে আওয়াজ তোলার কথাও জানিয়েছেন তিনি। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নয়, মণিপুরের ঘটনা নিয়ে সরব সমস্ত বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলই। ঘটনায় মণিপুরের মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে বিরোধীরা। ভোটের জন্যে এই সমস্ত ঘটনা বলেও দাবি বিরোধীদের।












Click it and Unblock the Notifications