মণিপুরে প্রার্থী তালিকা প্রকাশ হতেই ক্ষোভের আগুন বিজেপিতে
মণিপুরে প্রার্থী তালিকা প্রকাশ হতেই ক্ষোভের আগুন বিজেপিতে
বাংলা থেকে মণিপুর বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই সেই একই চিত্র। অসন্তোষ , আর সেখান থেকে শুরু হয়ে গিয়েছে অশান্তির পরিবেশ। দলীয় কর্মীদের বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মণিপুর।

পরিস্থিতি ঠিক কেমন?
রবিবার রাজ্যের ৬০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি৷ অনেকেই আশা করেছিলেন তাদের নাম থাকবে। দলের টিকিটে নির্বাচন লড়বেন। তা হয়নি। তালিকায় নাম না দেখেই অসন্তোষের ঝড় ওঠে৷ রাস্তায় নেমে প্রতিবাদ জানান কর্মীরা৷ মুখ্যমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতাদের কুশপুতুল পোড়ানো হয়। পার্টি অফিসে ভাঙচুর করেন অনেকে।বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় সাগোলবান্দ, কাকচিং, মৈরাং বিধানসভা কেন্দ্রগুলি। ক্ষুব্ধরা প্ল্যাকার্ড হাতে জড়ো হন দলীয় অফিসের সামনে৷ দলের পতাকা পোড়ানো হয় কোথাও আবার দল বিরোধী স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রী বীরেন সিং সহ রাজ্য সভাপতির কুশপুতুল পোড়ানো হয়৷

হতাশরা কী করছেন?
টিকিট না পেয়ে হতাশ নেতারা। অনেকেই বিজেপি ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন৷ যেমন প্রাক্তন মন্ত্রী নিমাইচাঁদ লুওয়াং এবং থাংজম অরুণকুমার ভেবেছিলেন তাঁদের যথাক্রমে ওয়াংখেম এবং ওয়াংখেই কেন্দ্রে টিকিট দেবে দল৷ কিন্তু তালিকায় তাদের নামই নেই। তাঁরা বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন৷ গণ-ইস্তফাও শুরু হয়েছে৷।থাংজম জেডি(ইউ)-তে চলে গিয়েছেন।

কর্মীদের অভিযোগ কী?
তাঁরা বলছেন যারা বহুদিন দল করছেন তাদের সুযোগ দেওয়া হয়নি। ঠিক বাংলায় যেমন হয়েছিল তৃণমূল ত্যাগ করে যারা বিজেপি যোগ দিয়েছিলেন তাদের বাংলা বিজেপি টিকিট দিয়েছিল এখানেও একই অভিযোগ , বলা হচ্ছে কংগ্রেস ছেড়ে যারা সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন তারাই টিকিট পেয়ে গিয়েছেন৷ ব্যাপক বিক্ষোভের পর মণিপুরের প্রত্যেকটি বিজেপি পার্টি অফিসে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। ভোটের মুখে নীচুতলার কর্মীদের এমন বিক্ষোভ শাসকদলকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে তা বলাই যেতে পারে৷ এমনিতেই গতবার দল ভাঙিয়ে সরকার গড়েছিল বিজেপি। এবার আবার অন্দরমহলে এত ক্ষোভ।

সমস্যা আরও রয়েছে
প্রসঙ্গত, ২০১৭ সালের নির্বাচনে বিজেপি-র টিকিটে ২১ জন জিতে বিধায়ক হন। ছোট দলের বিধায়কদের হাত ধরে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে। নিজেদের বিধায়কদের মধ্যে ১৯ জনকে টিকিট দিয়েছে তারা। তিন জনকে দেয়নি। প্রার্থী তালিকার মধ্যে তিন জন মহিলা এবং এক জন মুসলিমকে টিকিট দেওয়া হয়েছে। ক্ষোভ রয়েছে তা নিয়েও। সবমিলিয়ে বেশ চাপে মণিপুর বিজেপি।












Click it and Unblock the Notifications