ফোঁড়া সারাতে ওঝার পরামর্শে স্ত্রীকে ৩ বছর বাড়িতে বন্দি রেখেছিল এক ব্যক্তি!
আহমেদাবাদ, ১১ জুন : ৩ বছর নিজের বাড়িতেই আটকে থাকার পর ৩৫ বছরের এক মহিলা ও তাঁর দুই সন্তান (ছেলের বয়স ১৭, মেয়ের বয়স ১৫)কে উদ্ধার করল ১৮১ হেল্পলাইনের কর্মীরা। ফোঁড়া সারাতে ওঝার পরামর্শে ওই মহিলার স্বামী ও দেওর মিলে তাঁকে ও তাঁর ২ ছেলেকে ৩ বছর ধরে বাড়ির মধ্যে আটকে রেখেছিল বলে অভিযোগ।
কিন্তু ওই মহিলা স্বামী ও দেওরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাননি। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনাটা বলার সময় ওঝার চিকিৎসকের বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ওই মহিলা।

রামোল পুলিশ সূত্রের খবর, স্বামীর সারা গায়ে ফোড়া হয়ে থাকায় কাজ করতে অপারগ সে। তার ছোটভাইও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নয়। একটি সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয় সে। সেই গুলি এখনও তার শরীরের ভিতরেই আটকে রয়েছে। কিন্তু সংসার চালানোর জন্য ছোটখাটো কাজ করে সে।
পুলিশসূত্রের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৫ টা ১৭ মিনিটে ১৮১ হেল্পলাইন নম্বরে একটি ফোন আসে। এক মহিলা বলেন, তিনি বাড়ির শৌচাগার থেকে কথা বলছেন। তাঁর স্বামী এবং দেওর মিলে তাঁকে ও তাঁর দুই ছেলেমেয়েকে বাড়ির মধ্যেই বন্দি করে রেখেছে।
ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখে সঙ্গে সঙ্গে ওই মহিলার দেওয়া ঠিকানায় পৌঁছয় হেল্পলাইন কর্মীরা। দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে এক ব্যক্তি উঁকি মেরে বাইরে দেখতে থাকেন। তাঁকে দরজা খুলতে বলা হলে তিনি বলেন, দরজা খুললে তার স্ত্রী ও সন্তানেরা পালিয়ে যাবে।
কিন্তু বারবার বোঝানোর পরে ওই ব্যক্তি দরজা খোলেন। তারপর ভিতরে তারা যা দেখলেন তা এককথায় হাড় হিম করা। রান্নাঘরের মধ্যে মা ও ছেলেদের আটকে রাখা হয়েছে। ছাদে যাওয়ার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। সারা বাড়ি যেন পর্দায় মোড়া।
এরপরে মহিলা ঘটনার বিবরণ দেন। তিনি বলেন, "এক ওঝার পরামর্শে তাঁর স্বামী তাঁকে গত ৩ বছর ধরে এভাবেই বাড়ির মধ্যে বন্দি বানিয়ে রেখেছেন। ওনার ধারণা এভাবেই একমাত্র তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন।"
পুলিশের তরফে জানানো হয়েছে, মহিলা তাঁর স্বামীর নামে অভিযোগ দায়ের করতে চাইছেন না এবং স্বামীর সঙ্গেই থাকতে চাইছেন। তাই ওই মহিলাকে বাড়িতে ফিরে যেতে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ তাদের উপর নজর রাখছে যাতে অবাঞ্ছিত কোনও ঘটনা না ঘটে।












Click it and Unblock the Notifications