দু ঘণ্টার মধ্যে পরপর ৬ জনকে রড মেরে হত্যা, কোথায় ঘটল এমন নৃশংস ঘটনা
দুঘন্টার মধ্যে ছয়জনকে হত্যার অভিযোগ। মঙ্গলবার এমনই নৃশংস ঘটনার সাক্ষী থাকল হরিয়ানার পালোয়াল। অভিযুক্ত প্রাক্তন এক সেনাকর্মী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
দুঘন্টার মধ্যে ছয়জনকে হত্যার অভিযোগ। মঙ্গলবার এমনই নৃশংস ঘটনার সাক্ষী থাকল হরিয়ানার পালোয়াল। অভিযুক্ত প্রাক্তন এক সেনাকর্মী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

হরিয়ানার পালোয়াল। ভোরের আলো ফোঁটার আগে( স্থানীয় সূত্রে খবর, রাত ২ টো থেকে ৪ টের মধ্যে) শহরের বিভিন্ন অংশে লোহার রড দিয়ে ছয়জনকে হত্যার অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত একজন প্রাক্তন সেনাকর্মী। নরেশ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে আহত অবস্থায় পালোয়ালের আদর্শ কলোনিতে তাকে পাওয়া যায়।
পালোয়ালের পুলিশ সুপার সুলচোনা গজরাজ বলেন, অভিযুক্ত নরেশের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, নরেশ মানসিক ভারসাম্যহীন। রাস্তার সামনে যাঁকে পেয়েছে, তাঁকেই মেরেছে নরেশ।
ধৃত ব্যক্তির কাছ থেকে একটি পরিচয়পত্র পাওয়া গিয়েছে। যা থেকে পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি প্রাক্তন সেনাকর্মী। ঘটনার তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, প্রথমে পালোয়ালের হাসপাতালে এক মহিলাকে মারে অভিযুক্ত। রাত ২.৩০ নাগাদ প্রথম খুনের ঘটনাটি ঘটে। মৃতের নাম অঞ্জুম বলে জানা গিয়েছে। খুনের পরেই হাসপাতালে বাথরুমে লুকিয়ে পড়ে অভিযুক্ত।

এরপরে হাসপাতাল থেকে বেরিয়ে আরও পাঁচজনকে হত্যা করে অভিযুক্ত। এর মধ্যে চারজনকে হত্যা করা হয় রাস্তাতেই। পালোয়ালের আগ্রা রোড থেকে মিনার গেটের মধ্যে হত্যার ঘটনাগুলি ঘটে।
সর্বশেষ খুনের ঘটনাটি পালোয়ালের স্থানীয় এক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। সেখানকার প্রহরীকে হত্যা করে অভিযুক্ত। পালোয়ালের রুসুলপুর রোডে মার্কেটের কাছে প্রহরীকে হত্যা করা হয়।
শেষ পর্যন্ত পালোয়ালের আদর্শ কলোনি এলাকায় গ্রেফতার করা হয় নরেশকে। সেখানে বাধা দিতে গেলে, পুলিশকেই আক্রমণ করে সে। পুলিশ হেফাজতে থাকার সময়, চিকিৎসার জন্য অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় পালোয়ালের সিভিল হাসপাতালে। পরে নরেশকে পাঠানো হয় ফরিদাবাদের অপর একটি হাসপাতালে।
একাধিক খুনের ঘটনার পর পালোয়ালে হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। অভিযুক্তকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।












Click it and Unblock the Notifications