হিন্দি-দিবসে শুভেচ্ছা মমতার, অমিত শাহ, অনুরোধ করলেন মাতৃভাষার পাশাপাশি হিন্দি ব্যবহারের
হিন্দি-দিবসে শুভেচ্ছা মমতার, অমিত শা অনুরোধ করলেন মাতৃভাষার পাশাপশি হিন্দি ব্যবহারের
হিন্দি ভাষা দিবসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বড়ো রাজনৈতিক ব্যক্তিত্বরা শুভেচ্ছা জানালেন। মঙ্গলবার একটি টুইটে মমতা লেখেন, 'হিন্দি দিবসে সকল দেশবাসী এবং হিন্দি ভাষার বিকাশে অবদান রয়েছে এরকম সকল মানুষ ও ভাষাবিদদের শুভেচ্ছা।'

রাজ্যে বাঙালি- অবাঙালি বিভাজনের রাজনীতি চলছে!
রাজ্যে বাঙালি-অবাঙালি বিভাজন টানার শুরু হয়েছে শেষ কয়েক বছরে৷ বাইরে থেকে কোনও বিরোধী দলের নেতা এলে তাঁদের 'অবাঙালি' 'বহিরাগত' দেগে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কুনাল ঘোষ। ইদানিং বিভিন্ন জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনা গিয়েছে, 'বাংলায় থাকতে হলে বাংলা শিখুন' সুলভ বক্তব্য৷ কিন্তু পাশাপাশি রাজ্যে বসবাসকারী হিন্দিভাষীদের জন্য হিন্দি বিশ্ববিদ্যালয়ও তৈরি কথা ঘোষনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে বলে নয় প্রতিবছরই হিন্দি দিবসে শুভেচ্ছা জানিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন 'হিন্দি আগ্রাসনে'র ধুয়ো তুলতে ব্যস্ত এরকম একটি সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

ভবানীপুরে অবাঙালি ভোট রয়েছে
সম্প্রতি ভবানীপুর থেকে উপ-নির্বাচন লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে বড় অংশে অবাঙালি ভোট রয়েছে৷ ২০১৯ লোকসভা নির্বাচনে যার বড় অংশ বিজেপির ঝুলিতে গিয়েছিল৷ কিন্তু শেষ বিধানসভা নির্বাচনে এই অবাঙালি ভোটের অনেকটায় ফেরৎ পেয়েছে তৃণমূল৷ বিজেপি এই আসনে মমতার সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়ি করিয়েছে প্রিয়ঙ্কা টিব্রেওয়ালকে৷ স্বাভাবিকভাবেই আবার অবাঙালি ভেট হাতছাড়া হওয়ার ভয়ও রয়েছে তৃণমূলের৷ সূত্রের খবর ভবানীপুরে দলের অবাঙালি নেতা কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তৃণমূল নেতৃত্বরা।

হিন্দি দিবসে প্রধানমন্ত্রীর টুইট
মমতার মতোই হিন্দি দিবসে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, 'আপনাদের সবাইকে হিন্দি দিবসের প্রচুর শুভেচ্ছা। হিন্দিকে সক্ষম এবং বলিষ্ঠ ভাষা হিসাবে তুলে ধরার জন্য আলাদা আলাদা এলাকার মানুষের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আপনাদের চেষ্টাতেই হিন্দি আজ বিশ্বের মঞ্চে আরও বেশি করে প্রতিষ্ঠিত।'

হিন্দি দিবসে স্বরাষ্ট্রমন্ত্রীর টুইট
হিন্দি ভাষা দিবষে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও। হিন্দির ব্যবহার বাড়ানোর কথা বলে তিনি লিখেছেন, ' প্রত্যেকে নিজের মাতৃভাষার সঙ্গেই রাজভাষা হিন্দির ব্যবহার বাড়ানোর সংকল্প করুন। মাতৃভাষা এবং রাজভাষার সমন্বয়েই ভারতের উন্নতি সমাহিত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে হিন্দি এবং অন্য সমস্ত ভাষার সমান্তরাল উন্নয়নের প্রচেষ্টা চলছে।'
স্বরাষ্ট্রমন্ত্রীর টুইট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে৷ তাঁর হিন্দিকে 'রাজভাষা' বলা নিয়ে অনেকেই বিতর্ক তৈরি করছেন সোশ্যাল মিডিয়ায়৷












Click it and Unblock the Notifications