প্রধানমন্ত্রী কে হবেন সেটা পরের কথা, শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের আগে কংগ্রেসকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার
প্রধানমন্ত্রী কে হবেন সেটা পরের কথা, শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের আগে কংগ্রেসকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার
প্রধানমন্ত্রী কে হবেন সেটা পরের কথা। পরিস্থিতিই ঠিক করে দেবে পরবর্তী প্রধানমন্ত্রীর নাম। মুম্বইয়ে বিশিষ্টজনেদের বৈঠকে প্রধানমন্ত্রীত্বের প্রশ্ন এড়িয়ে গেলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে প্রকাশ্যেই কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কংগ্রেস বিজেপির সঙ্গে ঠিক মত লড়াই করছে না।

ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক
টার্গেট ২০২৪। একুশের বিধানসভা ভোটের পর বিজেপিকে ক্ষমতাচ্যূত করতে বাংলার বাইরে পা রেখেছে তৃণমূল কংগ্রেস। ভোটকুশলী প্রশান্ত কিশোরের রণকৌশল মেনেই বাইরের রাজ্যে মেপে মেপে পা ফেলছেন মমতা। ত্রিপুরা, গোয়া, মেঘালয়ে বড় সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবার টার্গেট মুম্বই। শিবসেনা এবং এনসিপির সঙ্গে প্রথম থেকেই সুসম্পর্ক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সুসম্পর্ক ঝালিয়ে নিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুম্বই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। মহারাষ্ট্রে পা রেখেই উদ্ধব পুত্র আদিত্য ঠাকরের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রীত্বের প্রশ্ন
একুশের বিধানসভা ভোটের পরেই দিল্লি ছুটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার বিরোধী ঐক্যের ডাক দিয়েছিলেন তিনি। অবিজেপি দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি। তখন বিরোধী ঐক্যের নেতৃত্ব দেবেন কে সেটা এড়িয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তৃণমূল কংগ্রেস নেত্রী প্রকাশ্যেই কংগ্রেসের সমালোচনা করতে শুরু করেন। তিনি প্রকাশ্যেই বলেছিলেন কংগ্রেস বিজেপিকে ক্ষমতা চ্যূত করতে পারবে না। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কী অবার মোদীর প্রতিপক্ষ হতে চলেছেন মমতা। মুম্বইয়ে বিশিষ্টদের অনুষ্ঠানে উঠেছিল সেই প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্ন। সেটা কৌশলে এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সেটা ঠিক করবে পরিস্থিতি।

কংগ্রেসকে নিশানা মমতার
বাইরের রাজ্যে তৃণমূল কংগ্রেস পা রাখার সঙ্গে সঙ্গে কংগ্রেসে ভাঙন শুরু হয়ে গিয়েছে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তারপর মেঘালয়েও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১২ জন বিধায়ক। মমতার দিল্লি সফরেও কীর্তি আজাদ, এবং হরিয়ানার কংগ্রেস নেতা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তারপরেই মুম্বই সফরে গিয়ে প্রকাশ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বিজেপির সঙ্গে ঠিক করে লড়াই করতে চাইছেন না কংগ্রেস। তাই কংগ্রেসের নেতৃত্বে যে বিজেপিকে হঠানো যাবে না তা এক প্রকার বুঝিয়ে দিেয়ছেন তিনি।

শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক
মুম্বইয়ে আজ এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এনসিপি নেতা নবাব মালিক দাবি করেেছন, কংগ্রেস ছাড়া বিরোধী ঐক্য সম্ভব নয়। তার আগে কংগ্রেসকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেসকে শরিক করেই মহারাষ্ট্রে সরকার গড়েছে কংগ্রেস এবং শিবসেনা। তাই শরদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications