পিসি-ভাইপোর জোটে ফাটল ধরাতে পারবে না বিজেপি, মায়াবতীর বার্তাকে স্বাগত মমতার
উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে তাঁর রফা অক্ষত থাকবে। আর মায়াবতীয় এই বার্তার পরই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে স্বাগত জানান বিজেপি বিরোধী জোটকে।
উত্তরপ্রদেশে উপনির্বাচনের জবরদস্ত ধাক্কা খেয়ে এখন সমাজবাদী পার্টির সঙ্গে বিএসপির রফাকে ভাঙতে চাইছে বিজেপি। শনিবার বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী হুঁশিয়ার করে দিলেন বিজেপিকে। তিনি সাফ জানালেন, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে তাঁর রফা অক্ষত থাকবে। আর মায়াবতীয় এই বার্তার পরই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে স্বাগত জানান বিজেপি বিরোধী জোটকে।

উপনির্বাচনে ধাক্কা খেয়ে বিজেপি রাজ্যসভার ভোটে বিএসপি শিবিরে প্রত্যাঘাত করে। তাদের বিধায়ক ভাঙিয়ে রাজ্যসভার একটি আসন করায়ত্ত করতে সক্ষম হয় বিজেপি। এরপর সেই বিধায়ককে সাসপেন্ড করে মায়াবতী জানান সমাজবাদী পার্টির সঙ্গে তাঁর রফাসূত্র অক্ষত থাকবে। তিনি এদিন কংগ্রেস, সমাজবাদী পার্টি ও এসবিএসপি-র বিধায়কদের ধন্যবাদ দেন বিএসপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য।
কিন্তু নিজের দলের বিধায়কের ক্রস ভোটিংয়ের জন্য নবম আসনে বিজয়ী হন বিজেপি প্রার্থী। হার হয় বসপার। এরপর যোগী আদিত্যনাথ সমাজবাদী পার্টিকে খোঁচা দিয়ে জানান, ওরা শুধু অন্যের কাছ থেকে নেবে, নিজেরা কিছু দেবে না। আসলে এসপি ও বিএসপির মধ্যে ভাঙন ধরাতেই তিনি এই বার্তা দেন। তবে মায়াবতী এরপর বুঝিয়ে দেন, তিনি সমাজবাদী পার্টির সঙ্গে রফাসূত্র মেনেই চলবেন।
I welcome the views expressed by Mayawati Ji today. We are strongly with her and @yadavakhilesh in this mission for the nation
— Mamata Banerjee (@MamataOfficial) March 24, 2018
মায়াবতী এদিন বলেন, বিজেপি আসলে গোরক্ষপুর ও ফুলপুরের পরাজয় মেনে নিতে পারছে না। ওরা বুঝতে পেরে গিয়েছে ওদের দিন শেষ হয়ে আসছে, তাই ওই ধরনের কথা বলছে। রাজ্যসভার ভোটে অনৈতিক জয় হাসিল করে গোরক্ষপুর ও ফুলপুরের পরাজয় পুষিয়ে দিতে পারবে না বিজেপি। সেই হতাশা থেকেই এখন নানাভাবে খোঁচা দেওয়ার চেষ্টা করছে।
এদিকে মায়াবতীর এই ঘোষণার পর সপা-বিএসপি জোটকে স্বাগত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর ভোটেও অখিলেশ সিং যাদবের সঙ্গে জোট বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন মায়াবতী। তাই টুইট করে জোটকে স্বাগত জানিয়েছেন মমতা। দেশ রক্ষার স্বার্থে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মমতা। তিনি এই জোটের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী ফেডেরাল ফ্রন্ট গঠনে তোড়জোড় শুরু করেছেন। ইতিমধ্যেই নবান্নে একপ্রস্থ বৈঠক সেরেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে। চন্দ্রবাবু নাইডু থেকে শারদ পাওয়ার তাঁকে তলব করেছেন। সেই নিরিখে বিজেপি বিরোধী জোটের বার্তাতে মমতা স্বাগত জানালেন মায়াবতীকে।












Click it and Unblock the Notifications