মোদীর সঙ্গে সাক্ষাতের আগে দিল্লিতে পাশাপাশি বাড়িতে অবস্থান মুকুল-মমতার, ভিড় বিজেপি নেতাদের
বাংলার নানা দাবি-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজে দিল্লি গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রাজ্য নিয়ে নানা দাবিদাওয়া পেশ করবেন তিনি।
বাংলার নানা দাবি-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজে দিল্লি গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রাজ্য নিয়ে নানা দাবিদাওয়া পেশ করবেন তিনি। যে সাক্ষাৎ ঘিরে বাংলার তো বটেই জাতীয় স্তরে আলোচনা চলছে। দেশে প্রবল মোদী বিরোধী বলে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায় কেন আচমকা প্রধানমন্ত্রী সমীপে হাজির হচ্ছে তা নিয়ে নানা মহলে নানা আকাশকুসুম জল্পনা অব্যাহত। তবে ঘটনা হল, মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে এগিয়ে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রীই।

ছিল স্পষ্ট বিরোধিতা
সাম্প্রতিক সময়ে কেন্দ্রের ডাকা একাধিক বৈঠকে রাজ্যের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকেনি। মুখ্যমন্ত্রীদের নিয়ে কেন্দ্র যে বৈঠকের আয়োজন করেছিল, তাতেও মমতা থাকেননি। বার্তা স্পষ্ট ছিল, কেন্দ্রের নানা কার্যকলাপে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে তিনি অসন্তুষ্ট। ফলে কেন্দ্র কোনও সহযোগিতা তা করলে রাজ্যও আর হাত বাড়িয়ে দেবে না।

আচমকা মতবদল
তবে আচমকা মতবদল কয়েকদিনেই। যে কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্রকে হরণ করার অভিযোগ এনে কয়েকদিন আগেই টুইট করেছিলেন তৃণমূল নেত্রী, যে কেন্দ্রের বিরুদ্ধে সারা দেশে সুপার এমার্জেন্সি বলবৎ করার অভিযোগ এনেছিলেন, তারই প্রশাসনিক প্রধানের সঙ্গে দেখা করতে দিল্লি চলে গেলেন মমতা।

মমতা-মুকুল পাশাপাশি
দিল্লি গেলে প্রাক্তন সাংসদ মমতা যে বাড়িতে ওঠেন, ঘটনাচক্রে তার পাশের বাড়িটিই প্রাক্তন তৃণমূল সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়ের। ভাইপো অভিষেক, ডেরেক ও'ব্রায়েন সহ একাধিক তৃণমূল সাংসদদের পরপর কটেজ রয়েছে। মুকুল যবে থেকে তৃণমূলে ছিলেন তখন থেকেই তিনি ওই ঘরে থাকতেন। বিজেপিতে দলবদলের পরও ঘর পাল্টায়নি। ফলে মমতা গিয়ে উঠেছেন মুকুলের পাশের ঘরে।

বিজেপি নেতারা উৎসুক
জানা গিয়েছে, বিজেপি নেতারা মুকুলের ঘরে ভিড় করে রয়েছেন। মোদীর সঙ্গে মমতার কী কথা হয়, তার প্রেক্ষিতে কে কোন বার্তা দেন, সেটাও সকলের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগের দিন থেকেই মুকুল রায়ের বাড়িতে কার্যত ক্যাম্প করে রয়েছেন বিজেপির বিভিন্ন সাংসদেরা। যার মধ্যে তৃণমূল থেকে আগতরাও রয়েছেন। ফলে দিল্লিতে সাংসদদের বাসভবন চত্বর বাংলার সাংসদদের পদচারণায় অন্য মাত্রা পেয়েছে।












Click it and Unblock the Notifications