রাহুল-প্রিয়াঙ্কার নতুন নাম দিলেন মমতা, বিজেপিকে হারানোর পরিকল্পনায় কংগ্রেস ব্রাত্যের দলে
রাহুল-প্রিয়াঙ্কার নতুন নাম দিলেন মমতা, বিজেপিকে হারানোর পরিকল্পনায় কংগ্রেস ব্রাত্যের দলে
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রচারে গিয়ে শুধু বিজেপিকেই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এক হাত নিলেন কংগ্রেসকেও। সবাই মিলে একসঙ্গে বিজেপিকে হারানোর ডাক দিলেও কংগ্রেসের রাহুল-প্রিয়াঙ্কাকে কটাক্ষ করতে ছাড়লেন না। মমতা যে কংগ্রেসকে বাদ দিয়েই আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্যের কথা ভাবছেন, তাতেই স্পষ্ট।

সমস্ত আঞ্চলিক দলকে এক কররা বার্তা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবকে পাশে বসিয়ে বলেন, আমরা সবাই অখিলেশের পাশে আছি। অখিলেশ উত্তরপ্রদেশে বিজেপিকে হারাবে। আমরা সবাই মিলে হারাব দেশে। বাংলা আর উত্তরপ্রদেশ এক হলে ফুৎকারে উড়ে যাবে বিজেপি। সমস্ত আঞ্চলিক দলকে এক করে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামব। তবেই দেশ রক্ষা পাবে।

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে বসন্তের কোকিল বলে কটাক্ষ
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় স্পষ্ট কংগ্রেসকে বাদ দিয়েই তারা বিরোধী ঐক্য গড়ে তোলার পথে হাঁটতে চাইছে। সমস্ত আঞ্চলিক দলগুলিকে এক করে তৃতীয় বিকল্প গড়ে তোলাই মমতার টার্গেট। আর সেই কাজের সূচনাতেই রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে বসন্তের কোকিল বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাহুল-প্রিয়াঙ্কাকে কোয়েল-দোয়েল বলে কটাক্ষ করেন মমতা
এদিন নাম না করে রাহুল-প্রিয়াঙ্কাকে কোয়েল-দোয়েল বলে কটাক্ষ করেন মমতা। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ও মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধীর নাম নেননি তিনি। তবে কোয়েল-দোয়েল বলে সম্বোধন করে তিনি বুঝিয়ে দেন তিনি যাঁদের টার্গেট করছেন, তাঁরা কংগ্রেসের রাহুল আর প্রিয়াঙ্কাই।

ভোট এলেই বসন্তের কোকিল, চিনে নিতে বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সারা বছর এঁদের দেখা যায় না। মানুষের পাশে থাকেন না এঁরা। কিন্তু ভোট এলেই কিছু মানুষ বসন্তের কোকিলের মতো এসে পড়েন। এঁদের ভালো করে চিনে নিন। এঁদের একটি ভোটও দেবেন না। কারণ এঁদের ভোট দেওয়ার অর্থ বিজেপির হাত শক্ত করা।

উত্তরপ্রদেশে একমাত্র অখিলেশই পারবে বিজেপিকে হারাতে
উল্লেখ্য, বিজেপির বিরুদ্ধে উত্তরপ্রদেশে আলাদাভাবে লড়ছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও কংগ্রেস। প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে ভোট দেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, উত্তরপ্রদেশে একমাত্র অখিলেশই পারবে বিজেপিকে হারাতে। আমি ওকে সমর্থন করছি। তাই ভোট দিন অখিলেশের সমাজবাদী পার্টিকে।

অন্য কাউকে ভোট দেওয়ার অর্থ বিজেপির হাত শক্ত করা
মমতা বলেন, অখিলেশ ৩০০-র বেশি আসন পেয়ে বিজেপিকে হারাবে। আর কারও ক্ষমতা নেই বিজেপিকে হারানোর। এই ভোটের সময় কেউ দিল্লি থেকে আসবেন। কেউই হায়দরাবাদ থেকে আসবে। কিন্তু ভোটের পর আর কেউ থাকবেন না। বসন্তের কোকিলের মতো এসেছেন। ভোট মিটলেই সব চলে যাবেন। শুধু অখিলেশ আপনাদের পাশে থেকে যাবেন। অখিলেশকে বাদ দিয়ে অন্য কাউকে ভোট দেওয়ার অর্থ বিজেপির হাত শক্ত করা।












Click it and Unblock the Notifications