লোকসভায় ৪২ আসনেই প্রার্থী! বৈঠকে বড় ইঙ্গিত মমতার, প্রশ্নের মুখে জোট
Mamata Banerjee: সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। কিছুদিনের মধ্যেই সম্ভবত ভোট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিজেপি। এবার ৪০০ আসনের টার্গেট নিয়ে ভোটে লড়বে মোদী-শাহ। আর সেই টার্গেট পূরণ করতে ইতিমধ্যে রণকৌশল সাজিয়ে ফেলেছে বিজেপি।
অন্যদিকে পালটা বিজেপি বিরোধী জোট তৈরি হয়েছে। যে জোটে কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিরোধী শক্তি রয়েছে। তবে নির্বাচনের আগেই আসন সমঝোতা সহ একাধিক ইস্যুতে কোন্দল প্রকাশ্যে। আর এর মধ্যেই বাংলার ৪২ টি আসনেই লড়াইয়ের ইঙ্গিত দিলেন তৃণমুল সুপ্রিমো (Mamata Banerjee)।

আজ শুক্রবার মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কালীঘাটের বাড়িতেই এই বৈঠক হয়। যেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে মুর্শিদাবাদের নেতৃত্বের পাশাপাশি সমস্ত বিধায়ক-সাংসদরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।
জেলার সার্বিক পরিস্থিতি এবং সংগঠন নিয়ে আলোচনা হয়। আর সেই আলোচনার মধ্যেই রাজ্যের ৪২ টি আসনেই কোমর বেঁধে লড়াইয়ে নামার কথা মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন বলে সুত্রের খবর। এমনকি বহরমপুরে অধীর চৌধুরী কোনও ফ্যাক্টার নয় বলেও নেতৃত্বকে সুপ্রিমো বার্তা দিয়েছেন বলে খবর।
বৈঠকে হুমায়ূন কবীর কংগ্রেস গড় হিসাবে পরিচিত মুর্শিদাবাদে অধীর চৌধুরী ফ্যাক্টার বলে মন্তব্য করেন। কার্যত তাঁকে থামিয়েই মুখ্যমন্ত্রী বলেন, ধীর কোনও ফ্যাক্টরই নন। এমনকি ওর কথা মাথা থেকে সরানোর কথাও বলেন।
মুখ্যমন্ত্রীর এহেন বার্তার পরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তাহলে কী জোট হচ্ছে না? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। যদিও বৈঠকে নাকি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) পুরো বিষয়টি কংগ্রেসের দিকেই ঠেলে দিয়েছেন বলে খবর। মুখ্যমন্ত্রী বলেন, বিরোধী 'ইন্ডিয়া' জোটে তৃণমূলও আছে। অন্যতম বড় শরিক।
তাদের বাদ দিয়ে কংগ্রেস অন্য কাউকে বেশি প্রাধাব্য দিচ্ছে। তাহলে তৃণমূলও নিজের মতো করে ভাববে। আর এরপরেই ৪২ টি আসনেই লড়াইয়ে নেমে পড়ার বার্তা দেন। এমনকি জোট হবে না ধরে নিয়েই এই নির্দেশ মুখ্যমন্ত্রী দেন বলে খবর।
বলে রাখা প্রয়োজন, বাংলায় দুটি আসন কংগ্রেসকে ছাড়ার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে যে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রাজি নয় তা বুঝিয়ে দেন অধীর চৌধুরী। স্পষ্ট জানিয়ে দেন, কংগ্রেস কোনও ভিক্ষে চায় না। নিজের দলে সব আসনে বাংলায় লড়বে বলেও জানান বহরমপুরের সাংসদ।












Click it and Unblock the Notifications