Rahul Gandhi: রাহুলের ফোন মমতাকে! মুখ্যমন্ত্রী INDIA ব্লকের বৈঠকে না আসার কারণ জানালেন
তিন রাজ্যে হারের সঙ্গে সঙ্গে হিন্দি বলয়ের সব রাজ্যেই ক্ষমতার বাইরে চলে গিয়েছে কংগ্রেস। যার প্রভাব পড়তে শুরু করে ইন্ডিয়া ব্লকের ওপরে। কংগ্রেসের তরফে এদিনের ইন্ডিয়া ব্লকের বৈঠক স্থগিত করে দেওয়া হয়েছে।
এই বৈঠক এমন সময়ে ডাকা হয়েছিল, যখন তিন রাজ্যে বিজেপির হাতে পর্যুদস্ত হয়েছে কংগ্রেস। যে কারণে ইন্ডিয়া ব্লক ভুক্ত অন্য দলগুলি কংগ্রেসকে নিশানা করেছে। তারা বলছে, কংগ্রেস আসন সমঝোতায় না যাওয়াতেই এই পরাজয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব বৈঠকে যোগ দিতে পারবেন না জানানোয় বাধ্য হয়ে বৈঠক স্থগিত করে দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তখনও ইন্ডিয়া ব্লকের ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।
এদিকে ছয় ডিসেম্বর ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে না পারার কারণ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বৈঠক নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন বলে জানা গিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর পরিবারের একজনের বিয়ে রয়েছে। তিনি সেখানেই ব্যস্ত থাকবেন। বিয়ের অনুষ্ঠানের পরে শুক্রবার কার্শিয়াং-এ এক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এরপর নয় ডিসেম্বর তিনি যাবেন আলিপুরদুয়ার। ১১ ডিসেম্বর পর্যন্ত সেখানই থাকবেন। এরপর ১২ ডিসেম্বর বানারহাট ও শিলিগুড়িতে অনুষ্ঠান রয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ না দেওয়া প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেই রাজ্যে একটি প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। সেই কারণে সেখানকার মুখ্যমন্ত্রী রাজ্য ছেড়ে যেতে পারবেন না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইন্ডিয়া ব্লকের বৈঠকের বিষয়ে তিনি আগে থেকে কিছু জানতেন না। রাহুল গান্ধী তাঁকে ফোন করে বিষয়টি জানান। অন্যদিকে মঙ্গলবার আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব জানিয়েছেন, ১৭ ডিসেম্বর ইন্ডিয়া ব্লকের বৈঠক হবে।












Click it and Unblock the Notifications