তৃণমূলের মিশন গোয়ার নেপথ্যে কী কৌশল! রাজনৈতিক মহল যে অঙ্ক কষছে জাতীয় স্তরে
তৃণমূলের মিশন গোয়ার নেপথ্যে কী কৌশল! রাজনৈতিক মহল যে অঙ্ক কষছে জাতীয় স্তরে
বিজেপিকে পর্যুদস্ত করে বাংলায় গড় রক্ষা করার পরই ত্রিপুরা দখলে ঝাঁপিয়ে পড়েছিল তৃণমূল। হঠাৎই ত্রিপুরা ফেলে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অগ্রাধিকার দিয়েছে গোয়াকে। বছর পেরোলেই ভোট গোয়ায়। সাকুলে বাকি রয়েছে তিনমাস। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ছুটে গিয়েছেন গোয়ায়। তৃণমূলের এই মিশন গোয়ার নেপথ্যে কী কৌশল রয়েছে, তা নিয়ে নানা মুতুর নানা মত।

কংগ্রেস বিরোধিতা করতেও তারা কসুর করছে না তৃণমূল
বাংলার রাজনৈতিক মহল থেকে শুরু করে জাতীয় রাজনীতির দিকপালরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নয়া ভূমিকা নিয়ে ধন্দে পড়েছেন। হঠাৎ কেন পশ্চিমমুলুকে গোয়া অভিযানে নামল তৃণমূল? গোয়া দখলকে কেন পাখির চোখ করল তৃণমূল কংগ্রেস? কংগ্রেসের সঙ্গে সখ্যতা গড়ে তোলাকে শিকেয় তুলে কোমর বেঁধে কংগ্রেস বিরোধিতা করতেও তারা কসুর করছে না এখন। অথচ তাদের লক্ষ্য বিজেপিকে হারানো।

বঙ্গোপসাগরের ধার থেকে একেবারে আরব সাগরের পারে চোখ
আবার এই প্রসঙ্গও উঠছে। এত রাজ্য থাকতে কেন ছোট একটা রাজ্য গোয়া দখলে মরিয়া হয়ে উঠল তৃণমূল। মাত্র ৪০ আসনের একটি বিধানসভা। বাংলার একেবারে উল্টো সংস্কৃতি। বঙ্গোপসাগরের ধার থেকে একেবারে আরব সাগরের পারে একটি ছোট রাজ্যকে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড শান দিচ্ছেন জাতীয় রাজনীতিতে নিজেদের গুরুত্ব বাড়ানোর অস্ত্রকে।

বাংলার সাফল্যের মডেল তুলে ধরেই গোয়ায় সাফল্যের খোঁজ
মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে গোয়া সফরে রয়েছেন। সেখানে বাংলার সাফল্যের মডেলকেই তিনি তুলে ধরতে চাইছেন। রাজনৈতিক মহলে মনে করছে, তৃণমূলের এই কৌশলের মধ্যে লুকিয়ে রয়েছে কেন তাঁরা গোয়া দখলে ঝাঁপাল তার উত্তর। বাংলার মতো গোয়াতও তৃণমূল পাখির চোখ করছে মহিলা ভোটারকে। বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পিছনে বড় কারণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মহিলাদের বিপুল সমর্থন। তৃণমূল সেই মডেল প্রয়োগ করেই গোয়ায় সাফল্য পেতে চাইছে।

মহিলা ভোটারদের সমর্থন আদায় করতে নামছে তৃণমূল
প্রথমত গোয়া অত্যন্ত ছোট একটা রাজ্য। এই রাজ্যকে নিজেদের করায়ত্ব করা অনেক সহজ হবে কোনও বড় রাজ্যের তুলনায়। আর বাংলার বাইরে কোনও রাজ্যে যদি তৃণমূল কংগ্রেস প্রভাব বিস্তার করতে পারে, গড়তে পারে সরকার। তবে তাদের সর্বভারতীয় দলের মর্যাদা নিয়ে কেউ আর খোঁটা দিতে পারবে না। তাই গোয়ায় ৪৯ শতাংশ মহিলা ভোটারকে টার্গেট করা শুরু করে দিয়েছে তৃণমূল। গোয়ায় মহিলা ভোটারদের ভোটদানের হারের ব্যাপক প্রবণতা দেখে সেই মহিলা ভোটারদের সমর্থন আদায় করতে নামছে তৃণমূল। তার জন্য প্রয়োগ করা শুরু হয়েছে বাংলা মডেল।

মহিলা ভোটারদের সমর্থন আদায় করতে পারলেই অর্ধেক কাজ সারা
তৃণমূল নেতৃত্ব যেমন বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মহিলাদের সামনে রেখে বিভিন্ন প্রকল্পের সূচনা করেছিলেন, গোয়ার ক্ষেত্রেও সেই ধারা বজায় রেখে পশ্চিমবঙ্গের মতো গোয়ায় মহিলা ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টায় নেমেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, গোয়ায় মহিলা ভোটারদের সমর্থন আদায় করতে পারলেই অর্ধেক কাজ সারা হয়ে যাবে। তৃণমূল নেতৃত্ব সেই কাজটাই মনোযোগ সহকারে করতে চাইছে।

বিজেপি-বিরোধী ক্ষোভকে কাজে লাগানোর চেষ্টা তৃণমূলের
গোয়ায় জনমত তৈরি করতে মাঠে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলরে ভিত মজবুত করছেন গোয়ানিজদের সঙ্গে কথা বলে। গোয়ানিজ ভাষা রপ্ত করেও কথা বলছেন মমতা। আর গোয়ার মতো ছোট রাজ্যে মানুষের মধ্যে বিজেপি-বিরোধী ক্ষোভকে কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গোয়া বিজেপির প্রতি ক্ষোভ বিস্তর। সেই ক্ষোভকে ভোট ময়দানে কাজে লাগাতে চাইছে তৃণমূল। তৃণমূল মনে করছে, ছোট রাজ্যে এই ক্ষোভের বহিঃপ্রকাশ হলে আর রক্ষা নেই বিজেপির।

গোয়ার মহিলা কংগ্রেস নেত্রীদেরও তৃণমূলে যোগদান করানোর অঙ্কে
আর প্রধান বিরোধী দল কংগ্রেস? কংগ্রেস ভেঙেই তিনি নতুন কংগ্রেস তৈরি করতে চাইছেন তৃণমূল নাম দিয়ে। কংগ্রেস থেকে চেনা মুখদের তিনি যোগ দেওয়াচ্ছেন গোয়ায়। গোয়ার মহিলা কংগ্রেস নেত্রীদেরও তৃণমূলে যোগদান করিয়ে দলকে শক্ত জমির উপর দাঁড় করাতে বদ্ধপরিকর তিনি। গোয়ায় অতীত অভিজ্ঞতা তিক্ত তৃণমূলের। তাই এবার আটঘাট বেঁধে তৃণমূল নামছে গোয়া দখলে।

কংগ্রেসকে ধাক্কা দিয়ে জাতীয় স্তরে নিজেদের দাবি জোরালো করতে
তৃণমূল নেতারা দাবি করছেন, গোয়ার মানুষ এর আগে কংগ্রেস ও বিজেপি উভয়কেই রাজ্যের ভার দিয়েছে। তারা উভয়েই ব্যর্থ গোয়াকে উন্নয়নের পথে চালিত করতে। এবার তৃণমূল গোয়ায় ক্ষমতা দখল করে দেখিয়ে দেবে কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় রাজ্যকে। গোয়ায় তৃণমূল ভালো ফল করতে পারলে জাতীয় স্তরে তৃণমূল অনেকটাই জোর বাড়াতে পারবে বলেই আত্মবিশ্বাসী। একইসঙ্গে কংগ্রেসকে ধাক্কা দিয়ে জাতীয় স্তরেও নিজেদের দাবি জোরালো করতে পারবে তৃণমূল।












Click it and Unblock the Notifications