অখিলেশের হাত ধরে মমতা বললেন খেলা হবে, উত্তরপ্রদেশেও উঠল বাংলার স্লোগান
অখিলেশের হাত ধরে মমতা বললেন খেলা হবে, উত্তরপ্রদেশেও উঠল বাংলার স্লোগান
উত্তরপ্রদেশেও উঠল বাংলার স্লোগান। বাংলায় তৃণমূলের যে স্লোগানে বিজেপি কুপোকাত হয়েছিল, সেই স্লোগানই অখিলেশের রাজ্যে গিয়ে তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশের সমর্থনে উত্তরপ্রদেশে প্রচারে গিয়ে তিনি সবাইকে এক হওয়ার ডাক দিলেন। মমতা বলেন, বাংলায় ভোট ভাগ হয়নি তাই বিজেপি গোহারা হেরেছে। উত্তরপ্রদেশেও হারবে বিজেপি।

খেলা হবে, অব কি বার অখিলেশ ৩০০ পার
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্লোগান তোলেন, উত্তরপ্রদেশেও খেলা হবে। খেলা হোঙ্গে। ইস বার অখিলেশ সরকার। ইস বার অখিলেশ ৩০০ পার। নিজের স্লোগানের সঙ্গে বিজেপির স্লোগান মিলিয়ে অখিলেশকে জেতানোর ডাক দেন। মা-বোনেদের এক হয়ে অখিলেশ যাদবকে সমর্থন করতে বলেন। তিনি বলেন, উত্তরপ্রদেশে হারলে দেশেও হারবে বিজেপি।

অখিলেশ জিতলে একসঙ্গে উন্নয়নের কাজ, বললেন মমতা
মমতার কথায়, বিজেপিকে হারাতে হলে জেতান সমাজবাদী পার্টিকে, জেতান অখিলেশ যাদবকে। অখিলেশ জিতলে আমরা একসঙ্গে উন্নয়নের কাজ করব। বাংলা আর উত্তরপ্রদেশ সরকার একসঙ্গে শিল্প গড়বে, একসঙ্গে পর্যটন শিল্পকে অন্য খাতে বইয়ে দেবেন তাঁরা। এদিন অখিলেশকে পাশে নিয়ে দেশের উন্নয়নের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সমস্ত আঞ্চলিক দল এক হয়ে এবার বিজেপিকে হারাব
এদিন উত্তরপ্রদেশে লখনউয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে সমাজবাদী পার্টির সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাষণ দেন। এই ভার্চুয়াল সমাবেশ থেকে দেশকে বিজেপির হাত থেকে রক্ষা করার ডাক দেন মমতা। তিনি বলেন বিজেপিকে হারাতে সবাইকে একজোট হতে হবে। আমরা সমস্ত আঞ্চলিক দল এক হয়ে এবার বিজেপিকে হারাব।

আমরা সবাই মিলেই বিজেপিকে হারাব, দেশ থেকে হটাব
মমতার কথায়, বিজেপি দেশের কাছে বিপজ্জনক। বিজেপি বিভাজনের রাজনীতি করে, সাম্প্রদায়িকতার রাজনীতি করে। আর আমরা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি, সবাইকে নিয়ে উন্নয়ন করি। কখনও বিভাজন করি না। তাই আমরা সবাই মিলেই বিজেপিকে হারাব।

আঞ্চলিক দল এক হলে ফুৎকারে উড়ে যাবে বিজেপি
এদিন সমাবেশে একতার বার্তা দিলেও তিনি বুঝিয়ে দেন, কংগ্রেস নয়, আঞ্চলিক দলগুলিকে একত্রিত করার ভাবনাই তাঁর মাথায় রয়েছে। ২০২৪-এর আসন্ন লোকসভা নির্বাচনে তিনি দেশের বিভিন্ন আঞ্চলিক দলকে এক করে বিজেপির বিকল্প হয়ে ওঠার চেষ্টা করবেন। তাঁর বিশ্বাস সমস্ত আঞ্চলিক দল এক হলে ফুৎকারে উড়ে যাবে বিজেপি।

অখিলেশ উত্তরপ্রদেশে বিজেপিকে হারাবে, আমরা দেশ থেকে
মমতার কথায়, ফের যদি উত্তরপ্রদেশে যোগী সরকার হয়, তবে ইতিহাস বিনষ্ট হয়ে যাবে। সমস্ত নাম পরিবর্তন করে দিচ্ছেন। শহিদ-স্মারক অমরজ্যোতি নিভিয়ে দিয়েছেন। সব কিছুতেই এই সরকার রাজনীতি আর বিভাজন করে বেড়াচ্ছে। ইতিহাস ভুলিয়ে দিতে চায় এই সরকার। তাই এই সরকারকে আর কোনও সুযোগ নয়। উত্তরপ্রদেশ থেকে বিজেপি সরকারকে হটাতে পারলেই দেশ থেকে বিজেপি সরকার বিদায় নেবে।

বাংলা আর ও উত্তরপ্রদেশ এক হলে বিজেপি হারবেই
মমতা বলেন, বাংলা আর ও উত্তরপ্রদেশ এক হলে বিজেপি হারবেই। আমরা বিজেপিকে হারিয়েছি, এবার অখিলেশ বিজেপিকে হারাবে। আমরা সবাই ওর পাশে আছি। আমরা সমস্ত আঞ্চলিক দল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অখিলেশকে সঙ্গ দেব। এদিন সমস্ত সম্প্রদায়ের কাছে এক হয়ে অখিলেশকে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিন ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিনিধিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।












Click it and Unblock the Notifications