INDIA Alliance Meeting: হঠাৎ ছন্দপতন! মমতা ‘ইন্ডিয়া’র বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন, নেপথ্যে কোন কারণ
মুম্বইয়ে মেগা বৈঠক চলছিল ইন্ডিয়া জোটের। হঠাৎই ছন্দপতন ঘটল। আচমকা জোটের বৈঠক ছেড়ে বেরিয়েগেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন? মমতা বেরিয়ে যেতেই শুরু হল জল্পনা। কেন তিনি সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখলেন না?
কেন বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়? যখন তোড়জোড় চলছে সাংবাদিক সম্মেলনের, তখনই দেখা গেল মঞ্চে রয়েছে ২৭টি দলের প্রতিনিধি। একটি দলের কোনও প্রতিনিধি নেই। কারা তাঁরা? দেখা গেল মঞ্চে নেই মমতা ও অভিষেক।

তখনই শুরু হয়ে গিয়েছিল গুঞ্জন। তখন বলতে শুরু করে দিয়েছেন উদ্ধব ঠাকরে, মল্লিকার্জুন খাড়গে, নীতীশ কুমার-রা। বলতে উঠলেন লালুপ্রসাদ যাদব, তাঁর মুখেই শোনা গেল প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। মমতা দিদির কথা উল্লেখ করতে গিয়েই দেখেন তিনি নেই। সঙ্গে সঙ্গে তা সামলে নিয়ে মজা করে লালু বলেন, উনি যখন নেই, আমিও তাহলে চলে যাই।
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বৈঠক ছেড়ে চলে গেলেন, তা কেউই স্পষ্ট করেননি। এমনকী কলকাতায় নেমে তাঁরা নিজেরাও নন। কী এমনন ঘটল? তবে কি কোনও বিষয়ে মতান্তর হল, তাই মমতা-অভিষেকরা সাংবাদিক বৈঠক না করেই ফিরে গেলেন?
পাটনা বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তারপর বেঙ্গালুরুর বৈঠকে নীতীশ কুমার থেকেও নিজেকে আড়ালে রেখেছিলেন। এরপর মুম্বইয়ের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়! অর্থাৎ বিরোধীদের মহাজোটে ফুলের সঙ্গে কাঁটা সর্বদাই থাকছে। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ইন্ডিয়া জোটের অন্যতম হোতা, তিনি কেন নিজেকে সরিয়ে নিলেন, সেই প্রশ্ন নিয়ে কাটাছেঁড়া চলছেই।

এই বৈঠকে বিভিন্ন অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, জাতিভিত্তিক জনগণনা নিয়ে আলোচনায় একাধিক দলের নেতৃত্বের মধ্যে মতানৈক্য দেখা যায়। এই ইস্যুটি জোটের রাজনৈতিক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা নিয়ে বিবাদ বাধে। জেডিইউ, আরজেডি, সমাজবাদী পার্টি জাতিভিত্তিক গণনার পক্ষে থাকলেও বিরোধিতা করেন মমতা।
এর ফলে আলোচনা স্থগিত রাখা হয় জাতিভিত্তিক জনগণনা বিষয়ক। তবে এই মতানৈক্যের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ছাড়েন কি না, তা স্পষ্ট নয়। অন্য় কোনও কারণও থাকতে পারে। এখানে উল্লেখ্য, এদিন সমন্বয় কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটিতে তৃণমূলের পক্ষে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেও কেন তাঁরা রইলেন না, সেই প্রশ্ন বারবার কাঁটার মতো বিঁধছে বিরোধী শিবিরে।












Click it and Unblock the Notifications