মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটেরই অংশ, ফের নেত্রীকে বার্তা পাঠালেন রাহুল গান্ধী?
ইন্ডিয়া জোটের অন্যতম অংশ তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটের অনেকটা অংশ। বিহারে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রয়েছেন রাহুল গান্ধী। সেখানেই মঙ্গলবার এমন কথা বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
ইন্ডিয়া জোটের মধ্যে ভাঙন ধরেছে। নীতীশ কুমার জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এনডিএর সঙ্গে হাত মিলিয়ে বিহারে নতুন সমীকরণ তৈরি হয়েছে। সেই বিহারেই সাংবাদিক বৈঠক রাহুলের৷ বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের লড়াই প্রক্রিয়াকে সামনে রাখলেন।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জোট চাইছেন না। কংগ্রেস লোকসভা ভোটে ৪০ টি আসন পাবে কী না, তাই নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের অন্যতম সঙ্গী হিসেবেই দেখছেন রাহুল। তাহলে কি তৃণমূল নেত্রীকে এভাবেই বার্তা পাঠাতে চাইছে কংগ্রেসের হাইকমান্ড?
মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী। তিনি বলেন, "আপনি যদি মমতাজির বক্তব্য দেখেন, তিনি ইন্ডিয়া জোটের অংশ... অবশ্যই। মিঃ নীতীশ কুমার ইন্ডিয়া জোট ছেড়েছেন, তিনি বিজেপিতে চলে গিয়েছেন। অনুমান করতে পারেন তার চলে যাওয়ার কারণ কী।"
রাহুল গান্ধী আরও বলেন, "এটা নিশ্চিত, আমরা বিহারে ইন্ডিয়া জোট হিসেবে লড়ব। সুতরাং, আমি একমত নই যে আমাদের অনেক অংশীদার জোটের অংশ নয়। এই কথাতে তিনি যথেষ্ট জোর দিয়েছেন।
তাহলে বাংলাতেও কি ইন্ডিয়া জোট থাকবে? এই প্রশ্নকে সামনে রাখলে আরও একাধিক প্রশ্ন আসবে। কংগ্রেসকে তৃণমূল কটা আসন সেক্ষেত্রে ছাড়বে? কারণ আগে তৃণমূল চেয়েছিল দুটি আসন ছাড়তে৷ যদিও কংগ্রেস নেতৃত্ব একার লড়াইতে পাঁচটি আসনে প্রার্থী দেওয়ার কথা বলছিল। তেমন হলে সিপিএম কী করবে? তারা কতগুলি আসন পাবে? তাহলে কি বাংলায় জোট রাজনীতি সেই আঠালো জিলিপির প্যাঁচেই জড়িয়ে আছে?
বিহারে ইন্ডিয়া জোট ধাক্কা খেয়েছে। পঞ্জাবেও জোটের সমীকরণ নিয়ে প্রশ্ন আছে। আপ একা ১৩ টি আসনে লড়বে, এমনই জানানো হয়েছে। উত্তরপ্রদেশে অখিলেশ যাদব আছেন। সেখানে কতগুলো আসন কংগ্রেসকে ছাড়া হবে? তাই নিয়েও ধোঁয়াশা।
তাহলে কি বাংলায় জোটের আশা জিইয়ে রাখতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব? এভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রাথমিকভাবে বার্তা দিচ্ছেন রাহুল গান্ধী?












Click it and Unblock the Notifications