Mamata Banerjee: অমিতাভের বাড়িতে যাওয়ার নেপথ্যে কোন রাজনৈতিক কৌশল, জয়াকে নিয়ে জল্পনা
একদিন পরেই মুম্বইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় মহাবৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। তার আগের দিন মুম্বইয়ে পৌঁছেই অমিতাভ বচ্চনের বাড়িতে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু অমিতাভের ডাকে সাড়া দিয়েই তাঁর 'জলসা'য় যাত্রা নয়, রাজনৈতিক মহল মনে করছে এর নেপথ্যে গভীর রাজনৈতিক কৌশল রয়েছে তৃণমূল সুপ্রিমোর।
মুম্বইয়ে নেমেই অমিতাভ-জয়ার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। তাঁর যাওয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করা হচ্ছে। খুব শীঘ্রই জয়া বচ্চনের রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হচ্ছে। একইসঙ্গে বাংলায় চারটি রাজ্যসভার আসনও শূন্য হচ্ছে। তাই জল্পনা তৈরি হয়েছে জয়া বচ্চনকে নিয়ে।

জয়া এখন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ। তাঁর এই মেয়াদ সম্পূর্ণ হলে মমতা বন্দ্যোপাধ্যায় জয়া বচ্চনকে প্রস্তাব দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। তৃণমূলের সমর্থনে তাঁকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। সেই প্রস্তাবনা এদিনের বৈঠক থেকে সেরে রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক বচ্চন পরিবারের। কলকাতা চলচ্চিত্র উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে অমিতাত ও জয়া বারবার এসেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাঁদের ডাক ফেরাতে পারেননি। তবে ব্যক্তিগত সম্পর্কের তাগিদ থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যও যে রয়েছে এই সাক্ষাতের নেপথ্যে, তা অস্বীকার করা যায় না।
মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট বৈঠকে যোগ দিতে গিয়ে অমিতাভ-জয়ার সঙ্গে দেখা করে সেই উদ্দেশ্যই চরিতার্থ করে এলেন বলে রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে। তিনি লোকসভা ও রাজ্যসভায় তাঁর সাংসদের একটা বড় অংশকে তুলে ধরতে চান বিজেপি বিরোধিতায়।
এবার সেই সুপরিচিত এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন জয়া বচ্চনকে তৃণমূলের সাংসদ হয়ে রাজ্যসভায় যাওয়ার প্রস্তাব দিয়ে তিনি ইন্ডিয়া জোটের মেলবন্ধনকে দৃঢ় করতে চান। এমনিতেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক। তাঁর দলের জয়া বচ্চনকে বাংলা থেকে তিনি রাজ্যসভায় পাঠানোর দাবি দিদি হিসেবে ভাই অখিলেশের কাছে রাখতেই পারেন।
এখন দেখার ইন্ডিয়া জোটের বৈঠকে প্রতি রাজনৈতিক দলগুলির মেলবন্ধন কতটা দৃঢ় হয়। একে অপরের প্রতি কতটা সহানুভূতিশীল থাকেন তাঁরা। এবং তাঁদের একতা একটা দল হিসেবে চালিত করে নাকি বহুদলীয় জোটের মতোই পরিস্থিতি থাকে ইন্ডিয়ার। এর আগে তৃণমূলের সমর্থনে ভিনরাজ্যের নেতা-নেত্রীদের সংসদে পাঠানোর উদাহারণ রয়েছে একাধিক।












Click it and Unblock the Notifications