সমাজবাদী পার্টির সমর্থনে বিজেপির বিরুদ্ধে প্রচারের দিনে জোট-বার্তা মমতার
সমাজবাদী পার্টির সমর্থনে বিজেপির বিরুদ্ধে প্রচারের দিনে জোট-বার্তা মমতার
সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের ডাকে উত্তরপ্রদেশে ভোট প্রচারে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ সফরে যাওয়ার আগে তিনি ফলাও করে জানিয়ে গেলেন, আমি চাই উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি জিতুক। বিজেপি হারুক। আমি চাই বিজেপি বিরোধী সকলেই অখিলেশের দলকে সমর্থন করুন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উত্তরপ্রদেশে একযোগে লড়াই কথা বললেও, পাঞ্জাব নিয়ে আবার উল্টো বিবৃতি দেন। তিনি বলেন, পাঞ্জাবে লোকসভায় লড়বে তৃণমূল। অর্থাৎ উত্তরপ্রদেশ নিয়ে বিরোধী জোটের কথা বললেও, পাঞ্জাবের ক্ষেত্রে তিনি পৃথক লড়াইয়ের বার্তা দেন এখন থেকেই।
মমতা বলেন, অখিলেশ যাদবের আমন্ত্রণে ওদের হয়ে প্রচারে যাচ্ছি। জোটে লড়লে ভালো হত। কিন্তু জোটের কথা বলে এখন লাভ নেই। বিজেপি বিরোধী সকলেই অখিলেশের দলকে সমর্থন করুন, তাহলে সহজে বিজেপিকে উত্তরপ্রদেশের ক্ষমতার অলিন্দ থেকে সরিয়ে দেওয়া যাবে। সমস্ত দলের উচিত উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে হটাতে জোটবদ্ধ হওয়ার।
সোমবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন লখনউ বিমানবন্দরে। মঙ্গলবার দুপুরে তিনি অখিলেশ যাদবের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করবেন। ভার্চুলাল ব়্যালি করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতেও যাবেন তিনি। যোগী রাজ্যে বিজেপি-বিরোধিতা এবার মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবের সমর্থনের কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
একইসঙ্গে রাজনৈতিক মহল দেখতে চাইছে তৃণমূল ২০২৪-এর আগে জোটের সমর্থনে বিশেষ কোনও বার্তা দেন কি না। তিনি কি অ-বিজেপি, অ-কংগ্রেস জোটের পক্ষে সওয়াল করবেন, নাকি কংগ্রেসকে নিয়ে মহাজোটের বার্তা দেবেন, তাও দেখার। তবে উত্তরপ্রদেশ যাওয়ার আগে তিনি পাঞ্জাব নিয়ে যে বার্তা দিয়েছেন, তা বিশেষ তাৎপর্যপূর্ণ।
২০২৪-এ তৃণমূল পাঞ্জাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। এখন যদি তিনি এই বার্তা দিয়ে সফর শুরু করেন, তবে বিরোধী জোট ধাক্কা খাবে বলেই শঙ্কা রাজনৈতিক মহলের। একুশের নির্বাচনের জয়ের পর তৃণমূল কংগ্রেস নিজেদেরকে প্রধান বিরোধী দল ভাবতে শুরু করেছে। তারা উদ্যোগ নিচ্ছে বিভিন্ন রাজ্যে সংগঠন বিস্তারের। সেইমতো তারা কংগ্রেসকে ভাঙতেও সিদ্ধহস্ত।
ইতিমধ্যে ত্রিপুরা, গোয়া ও মেঘালয়ে কংগ্রেসকে ভেঙে সংগঠন বাড়িয়েছে তৃণমূল। তারা বিধানসভা নির্বাচনে লড়াই করছে এবং লড়াই করার পরিকল্পনাও করছে। আসন্ন লোকসভা নির্বাচনেও তারা সেইভাবেই জাল বিছোবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ফলে বিরোধী ঐক্য আদৌ তৈরি হবে কি না সেই শঙ্কা নিয়েই মমতা উত্তরপ্রদেশ সফরে গেলেন।
তবে কলকাতা থেকেই বিজেপি বিরোধী সুর চড়িয়ে উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অথিলেশ ডেকেছে, তাঁর সমর্থনে প্রচার করতে যাচ্ছি। ওদের হাত শক্ত করতে হবে। বিজেপি বিরোধী সমস্ত দলেরই তা করা উচিত। তিনি মনে করেন, বিজেপিক এবার বিদায় নেওয়ার সময় এসেছে। এবারের ভোটেই উত্তরপ্রদেশ থেকে বিদায় নেবে যোগী-সরকার।












Click it and Unblock the Notifications