মোদীর মেয়াদ ফুরনোর দিনে ক্ষমতা থেকে উৎখাতের বার্তা, রাবণ কটাক্ষে বিঁধলেন মমতা
কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নয়। সনিয়া গান্ধীকে সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় চিটফান্ড বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন।
সংসদে মোদী সরকারের মেয়াদ ফুরিয়ে গেল বুধবার। এবার তাঁকে দিল্লির কুর্সি থেকে সরাতে হবে। দিল্লির যন্তরমন্তর থেকে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে যখন মোদী ষোড়শ লোকসভার শেষ ভাষণ দিচ্ছেন, তখন সংসদের বাইরে থেকে মোদীকে তুলোধনা করলেন মমতা। এতদিন তো শুধু গব্বর সিংয়ের সঙ্গে তুলনা করা হচ্ছিল মোদীকে, এদিন তাঁকে রাবণ বললেন বাংলার মুখ্যমন্ত্রী।

মোদীকে হটাতে চাই
রাজধানীর বুকে বিরোধী ঐক্যের মঞ্চ থেকে মমতা বলেন, দিল্লিতে কেজরি লড়াই করবে। তাই আমাদের সমর্থন জানাতে এসেছি তাঁর প্রতি। মোদীর আমলে এই পাঁচ বছরে দেশ রসাতলে গিয়েছে। দেশকে বাঁচাতে হবে। তাই সবার আগে মোদীকে হটাতে হবে দিল্লির কুর্সি থেকে। আমি কিছু চাই না, শুধু দিল্লি থেকে মোদীকে হটিয়ে দেশ বাঁচাতে।

সিবিআই-এজেন্সির ভয় দেখানো সরকার
মমতা বলেন, এই সরকারের কোনও কাজ নেই, সিবিআই-এজেন্সির ভয় দেখানো ছাড়া। এসব আর বেশিদিন চলবে না। কেউ ভয় পাবেন না। কী করবেন ওঁরা, বড়জোর জেলে পাঠাবেন। আর একমাসের মধ্যেই ভোট ঘোষণা হয়ে যাবে। তারপরই শুরু হবে কোড অফ কন্ডাক্ট। আর তারপর মানুষ ওঁদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেবে।

মূর্তি বানাতে ওস্তাদ
বিজেপি গান্ধীজি-রাজেন্দ্র প্রসাদদের মানেন না, নেতাজি-আম্বেদকরকে মানেন না, ওঁরা শুধু মূর্তি বানাতে ওস্তাদ। ওঁরা আবার বাংলায় গিয়ে বলছে, সবার পদক কেড়ে নেবে। আমি বলছি, পারলে করে দেখান, কত পদক কাড়তে পারেন। আমিও দেখিয়ে দেব। আপনারা কী করবেন সিবিআই পাঠাবেন? কবে সিবিআই পাঠাবেন, জানাবেন, খাওয়ার বানিয়ে রাখব।

ডেমোক্রেসি এখন মোদিক্রেসি
এদিন বিজেপি সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, ডেমোক্রেসি এখন মোদিক্রেসি হয়ে গিয়েছে। দেশের নেতা হবেন গান্ধীজি, নেতাজির মতো। আর মোদীজি আপনি তো গুজরাটে দাঙ্গার প্রতীক হয়ে গিয়েছেন। গুজরাটের মানুষ আপনাকে আর ভোট দেবে না। আগামী দিনে গুজরাটে আপনি ঢুকতেই পারবেন না। আপনি শুধু বলেন, আপনার ৫৬ ইঞ্চি ছাতি, সে তো রাবণেরও ছিল।












Click it and Unblock the Notifications