বিরোধী ঐক্য নিয়ে নীতীশ কুমারের উদ্যোগে ধাক্কা! ১২ জুনের বৈঠকে থাকছেন না খাড়গে, রাহুল
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্য গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বিভিন্ন দলের নেতাদের ১২ জুনের বৈঠকে যোগ দিতে আহ্বানও জানিয়েছেন। ইতিমধ্যে অনেক দল সাড়া দিয়েছে। কংগ্রেসও সেই বৈঠকে যোগ দেবে বলে আগেই জানিয়েছে।
তবে এদিন জানা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী সেদিনের সভায় যোগ দেবেন না। এবিষয়টি শনিবার নিশ্চিত করেছেন বিহার কংগ্রেসের সভাপতি অখিলেশ প্রসাদ সিং। যা নিয়ে বিরোধী শিবিরে গুঞ্জনও শুরু হয়েছে।

এদিন বিহার কংগ্রেসের অফিসে দলীয় নেতাদের নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে বিধানসভায় কংগ্রেসের নতুন নেতা নির্বাচন করা হয়। সেই সময়ই প্রশ্নের উত্তরে বিহার কংগ্রেসের সভাপতি অখিলেশ প্রসাদ সিং জানান, ১২ জুনের বৈঠকে খাড়গে কিংবা রাহুল কেউই যোগ দেবেন না।
বিহার কংগ্রেসের সভাপতি জানিয়েছেন, এই মুহূর্তে রাহুল গান্ধী বিদেশ সফরে রয়েছেন। ১২ জুনের মধ্যে তাঁর দেশে ফেরার কোনও পরিকল্পনা নেই। যা নিয়ে রাহুল গান্ধীর নীতীশ কুমারের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে দলের সভাপতি সেই বৈঠকে যোগদানের কারণ না জানালেও ওই নেতা বলেছেন, মুখ্যমন্ত্রী ও দলের সিনিয়র নেতা সেই বৈঠকে থাাকবেন।
প্রসঙ্গক্রমে বলে রাখা ভাল কংগ্রেস নীতীশ কুমারের আবেদন প্রসঙ্গে আগেই জানিয়েছিল তারা বৈঠকে যোগ দেবে। লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী গত ২৯ মে জানিয়েছিলেন, নীতীশ কুমার পটনায় বিরোধী দলের যে বৈঠক ডেকেছেন, তাতে কংগ্রেস যোগদান করবে।

অধীর চৌধুরী বলেছিলেন, বিরোধীরা এক হলে মোদীকে পরাজিত করার সুযোগ তৈরি হবে। তবে তিনি তৃণমূলের নাম না করে বলেছিলেন, কিছু আঞ্চলিক দল রয়েছে, যারা কংগ্রেসের সঙ্গে চলা পছন্দ করে না। তবে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে নীতীশ কুমারকে বলেছিলেন, তিনি যেসব দলকে ইচ্ছা ডাকতে পারেন।
গতমাসে নীতীশ কুমার এবং তেজস্বী যাদব কলকাতায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলে তিনি পটনায় বিরোধী বৈঠক ডাকতে পরামর্শ দিয়েছিলেন। নীতীশ কুমার এই বৈঠককে সফল করতে উদ্ধব ঠাকরে, শারদ পাওয়ার এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-এর সঙ্গেও দেখা করেছেন।
নীতীশ কুমার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও দেখা করেছিলেন। তবে তিনি বিরোধী জোটে যোগ দিতে অস্বীকার করেছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সমাজবাদী পার্টি, এআইএমআইএম, ওয়াইএসআর কংগ্রেস, বহুজন সমাজপার্টি, আপ ১২ জুনের বৈঠকে উপস্থিত থাকার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি।












Click it and Unblock the Notifications