Mohamed Muizzu's India visit: অর্থনীতি বাঁচাতে দিল্লির মুখাপেক্ষী, চিন ঘনিষ্ঠতা নিয়ে সুর নরম মুইজ্জুর
Mohamed Muizzu's India visit: ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু করবে না মলদ্বীপ (Maldives), দিল্লিতে (Delhi) পা রেখে এমনটাই মন্তব্য সে দেশের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর (Maldives President)। রবিবারই সস্ত্রীক দিল্লিতে এসেছেন মলদ্বীপের প্রেসিডেন্ট। চারদিনের সফরে একাধিক কর্মসূচি সারবেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে মুইজ্জু।
চিনের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu)। ক্ষমতায় আসার পরই সি জিনপিংয়ের (Xi Jinping) দেশে সফরে গিয়েছিলেন মুইজ্জু। সাম্প্রতিক অতীতে দু'দেশের সম্পর্কে বেড়েছে ঘনিষ্ঠতাও। মুইজ্জুর উপরে নজর রেখেছে ভারতও। তবে ভারতের উপর কোনও বিপদ ঘনিয়ে আসে এমন কিছু করা হবে না বলে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানান মলদ্বীপের প্রেসিডেন্ট।

মুইজ্জু বলেন, "ভারত মলদ্বীপের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু দেশ (India Maldives Relation)। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতার মাধ্যমে আমাদের সুসম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনে অন্যান্য দেশের সঙ্গে মলদ্বীপের যোগাযোগ হয়েছে। কিন্তু আমাদের কোনও কাজে যাতে ভারতের নিরাপত্তার ক্ষতি না হয়, আমরা সে দিকটিও বিবেচনা করে চলি।"
মলদ্বীপের মসনদে বসেই দ্বীপরাষ্ট্র থেকে ভারতের সেনাবাহিনীকে (Indian Army) সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুইজ্জু। সেনাবাহিনী সরিয়েও নেয় ভারত। স্রেফ তাই নয়, নরেন্দ্র মোদীর (Narendra Modi) লাক্ষাদ্বীপ সফরের সময় ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য় করে অপমানজনক মন্তব্যও করেন মলদ্বীপের মন্ত্রীরা (Maldives Ministers)। এরপরই সমাজমাধ্যমে প্রবল জনরোষের মুখে পড়ে মলদ্বীপ। বয়কট মলদ্বীপ (Boycott Maldives) রব তুলে ঘুরতে যাওয়ার টিকিটও বাতিল করেন পর্যটকরা।
ক্রমেই অবনতি হয় ভারত মলদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের। তবে এই ভারত বিরোধী জিগির তুলেই ক্ষমতায় এসেছিলেন মহম্মদ মুইজ্জু। ইন্ডিয়া আউট ক্য়াম্পেইন করেই জনগণের সমর্থন কুড়িয়েছিলেন তিনি। কিন্তু মুইজ্জু ক্ষমতায় এসেও মলদ্বীপের শিঁকে ছেড়েনি। অর্থনীতির ঘোর সঙ্কটে এই দ্বীপরাষ্ট্র। এই অবস্থায় ভারতের মুখাপেক্ষী মলদ্বীপ।
ভারতীয় সেনাকে সরানোর নির্দেশ প্রসঙ্গেও মুখ খোলেন মুইজ্জু। জানান, ভারত এবং মলদ্বীপের মধ্যে একে অপরের চাহিদা এবং অগ্রাধিকারগুলির বিষয়ে আরও মজবুত সমঝোতা হয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনা একেবারেই আমাদের অভ্যন্তরীণ বিষয়। মলদ্বীপের মানুষ যা করতে বলেছিলেন, তা-ই করেছি।'' মলদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়ায় দুই দেশের সম্পর্কে পড়েনি বলেও দাবি মুইজ্জুর।
চারদিনের ভারত সফরে সম্পর্ক আরও মজবুত হবে বলেও আশা ব্যক্ত করেছেন মলদ্বীপের প্রেসিডেন্ট। রবিবারই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে সাক্ষাৎ সেরেছেন তিনি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। এই নিয়ে দ্বিতীয়বার ভারতে মলদ্বীপের প্রেসিডেন্ট। গত জুনে মোদীর তৃতীয়বার শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুইজ্জু।












Click it and Unblock the Notifications