শীঘ্রই কি তবে মন্ত্রিসভায় বড় রদবদল? ৮ রাজ্যে রাজ্যপাল বদলের পরেই ফের জল্পনা তুঙ্গে
শীঘ্রই কী তবে মন্ত্রীসভায় বড় রদবদল? ৮ রাজ্যে রাজ্যপাল বদলের পরেই জল্পনা তুঙ্গে
মোদী মন্ত্রিসভায় রদবদলের কথা শোনা যাচ্ছে দীর্ঘদিন থেকেই। সত্তরোর্ধ্ব মন্ত্রীদের সরিয়ে নতুনদের জায়গা দেওয়ার কথাও উঠে এসেছে। এমনকী এও শোনা যাচ্ছিল সংঘের বার্তা পেয়েই সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য একাধিক বড় পরিকল্পনা নিচ্ছে পদ্ম শিবির। কিন্তু রাজনৈতিক জটেই আটকে গোটা প্রক্রিয়া। কিন্তু মঙ্গলবার থেকেই তা আবার নতুন করে গতি পেল বলে মনে করা হচ্ছে। এদিকে একাধিক ইস্যুতে গত কয়েকদিন বাংলায় রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। আর এই আবহেই আট রাজ্যে বদলে গেল রাজ্যপাল। দায়িত্ব পেলেন নতুনেরা।

নতুন গুরু দায়িত্ব থাওয়াচাঁদ গেহলটের কাঁধে
কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজস্থানের বিজেপি নেতা থাওয়াচাঁদ গেহলটকে মোদী মন্ত্রীসভা থেকে সরিয়ে কর্নাটকের রাজ্যপাল হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই থাওয়াচাঁদই আবার রাজ্যসভায় বিপির দলনেতার দায়িত্বেও ছিলেন। পাশাপাশি কেন্দ্রের সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্বও সামলেছেন এই বরিষ্ঠ রাজনীতিবিদ। কিন্তু বর্তমানে মোদী সরকারের দেওয়া নতুন গুরু দায়িত্ব তিনি কেমন সামলান এখন সেটাই দেখার।

আট রাজ্যে বদলে গেল রাজ্যপাল
অন্যদিকে মিজোরামের বর্তমান রাজ্যপাল শ্রীধরণ পিল্লাইকে গোয়ার রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। তার জায়গায় আসছেন শ্রী হরিবাবু খাম্বাপতি। পাশাপাশি হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণকে ত্রিপুরায় স্থানান্তরিত করা হল। আর ত্রিপুরার বর্তমান রাজ্যপাল রমেশ ব্যাসকে ঝাড়খণ্ডের পরবর্তী রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে। বদলেছে হিমাচলপ্রদেশের রাজ্যপালও।

রাষ্ট্রপতির দফতরের তরফে জারি বিজ্ঞপ্তি
বন্দারু দত্তাত্রেয়-র জায়গা নতুন দায়িত্ব পাচ্ছেন শ্রী রাজেন্দ্র বিশ্বনাথ আলেকার।অন্যদিকে হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় হবেন হরিয়ানার পরবর্তী রাজ্যপাল। মধ্যপ্রদেশের পরবর্তী রাজ্যপালের দায়িত্ব পাচ্ছেন শ্রী মঙ্গুভাই প্যাটেল। নতুন দায়িত্ব ও পদ পরিবর্তনের বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রাষ্ট্রপতির দফতরের তরফেও।

এখন থেকেই চব্বিশের ঘুঁটি সাজাতে চাইছে বিজেপি ?
এদিকে সাম্প্রতিক সময়ে একাধিক নির্বাচনে বিভিন্ন রাজ্যে বড় হারের মুখোমুখি হয়েছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সংঘ ও বিজেপি পরিবার, পাশাপাশি সংগঠন-সরকার এবং রাজ্যগুলির সমীকরণকে নতুনভাবে পরিবর্তন করার যে প্রয়োজনীয়তা রয়েছে তা হারে হারে টের পাচ্ছে গেরুয়া শিবির। আর তাই সাংবিধানিক মোড়কে পুরনো বিশ্বস্তদের কাঁধে নতুন প্রশাসনিক দায়িত্ব তুলে দিয়ে ভবিষ্যতের ঘুঁটি সাজাতে চাইছে গেরুয়া শিবির।












Click it and Unblock the Notifications