Mahua Moitra: ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে লোকসভা থেকে বহিষ্কার! সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র
Mahua Moitra: ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে লোকসভা থেকে তাঁর বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের। প্রসঙ্গত গত ৮ ডিসেম্বর অনৈতিক আচরণের কারণে লোকসভা থেকে বহিষ্কার করা হয় তৃণমূল সাংসদকে।
লোকসভার এথিক্স কমিটির প্যানেলের রিপোর্ট নিয়ে লোকসভায় উত্তপ্ত বিতর্ক হয়। এব্যাপারে কয়েকদিন সময় চেয়েছিলেন, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। যদিও তা মানেননি লোকসভার অধ্যক্ষ। অন্যদিকে মহুয়া মৈত্রকেও অধ্যক্ষ কোনও কথা বলতে দেননি বলে অভিযোগ।

এরপরেই আট ডিসেম্বর সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী তৃণমূল সদস্যকে অনৈতিক আচরণের জন্য বহিষ্কারের প্রস্তাব উত্থাপন করেন। যা সেই সময় ধনী ভোটে গৃহীত হয়। তারপরেই মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান অধ্যক্ষ ওম বিড়লা।
বহিষ্কারের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মহুয়া মৈত্র বলেছিলেন, লোকসভার এই কাজ ক্যাঙারু কোর্টের মাধ্যমে ফাঁসির আদেশ কার্যকর করার মতো। তিনি সাংবাদিকদের বলেছেন, তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে নৈতিকতার কোড লঙ্ঘনের কারণে, কিন্তু তার কোনও অস্তিত্ব নেই। মহুয়া দাবি করেছেন, তাঁকে নগদ বা উপহার দেওয়ার কোনও প্রমাণ নেই।
প্রসঙ্গত এথিক্স কমিটির রিপোর্টে, লোকসভা সদস্য হিসেবে লোকসভার পোর্টালের আইডি-পাসোয়ার্ড শেয়ার করা সংসদকে অবমাননার সামিল। যা জাতীয় নিরাপত্তার ওপরে প্রভাব ফেলে। সংসদীয় বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, এথিক্স কমিটি মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আইনি ও প্রাতিষ্ঠানিক তদন্ত শুরু করবে।
সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর প্রস্তাবে বলা হয়েছে, এক ব্যবসায়ীর কাছ থেকে উপহার নেওয়া এবং তার স্বার্থকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তৃণমূল সাংসদের আচরণ অশোভন বলে প্রমাণিত হয়েছে। সুপারিশে মন্ত্রী আরও বলেছিলেন, লোকসভার সদস্য হিসেবে অযোগ্য। তাঁকে লোকসভার সদস্য থেকে বহিষ্কার করা যেতে পারে।
এই সময় তৃণমূল ও অন্য বিরোধী সাংসদরা বলেছিলেন মহুয়া মৈত্রকে তাঁর মতামত হাউসে রাখার অনুমতি দেওয়া হোক। যদিও স্পিকার অতীতে ঘটনার উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন। এব্যাপারে স্পিকার ২০০৫ সালে সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার থাকার সময়ে ১০ জন লোকসভা সদস্যকে ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে বহিষ্কার করা হয়েছিল, তাঁদেরও বলার সুযোগ দেওয়া হয়নি।
এদিকে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটা গণতন্ত্রের হত্যা। এটা সংসদীয় গণতন্ত্রের জন্য কলঙ্কজনক বলেছিলেন তৃণমূল নেত্রী। ভোটে হারাতে না পেরে বিজেপি প্রতিহিংসার রাজনীতির আশ্রয় নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।












Click it and Unblock the Notifications