তাঁর সঙ্গেও দেখা করার চেষ্টা করেছিলেন! আদানির সঙ্গে বৈঠক ইস্যুতে শারদ পাওয়ারকে নিশানা মহুয়া মৈত্রের
মুম্বইয়ে শারদ পাওয়ারের সিলভার ওক বাসভবনে গিয়ে বৈঠক করেছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। যা নিয়ে এদিন শারদ পাওয়ারকে নিশানা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি দাবি করেছেন, গৌতম আদানি তাঁর মতো অনেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে সেই রাস্তা পাননি এই টাইকুন।
এদিন মুম্বইয়ে শারদ পাওয়ারের বালভবনে এনসিপি সুপ্রিমোর সঙ্গে গৌতম আদানির বৈঠক চলে প্রায় দুঘন্টার মতো। তবে আদানিকে নিয়ে বিরোধীদের জেপিসি দাবির মধ্যে এই সাক্ষাতকার যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

এব্যাপারে এদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, কোনও রাজনীতিকের শিল্পপতিদের সঙ্গে জড়িত থাকা উচিৎ নয়। বরাবর আদানি ইস্যুতে আক্রমণাত্মক থাকা মহুয়া মৈত্র এদিন দাবি করেছেন, এই টাইকুন বন্ধু ও অন্যদের মাধ্যমে তাঁর এবং আরও কয়েকজনের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি (আদানি) সেই সুযোগ পাননি।
মহুয়া মৈত্র বলেছেন, আদানির সঙ্গে আলোচনা করার মতো কিছু নেই। পাশাপাশি তিনি বলেছেন, আদানিদের নিয়ে হিন্ডেনবার্গ যে মন্তব্য করেছে, তা নিয়ে সরকার পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাঁর সঙ্গে কোনও রাজনীতিকের জড়িত হওয়া উচিত নয়।

এদিন শারদ পাওয়ারের সঙ্গে গৌতম আদানির বৈঠকের পরে এনসিপি সুপ্রিমোকে কটাক্ষ করতে গিয়ে বলেছেন, মহা মারাঠাদের বিরুদ্ধে তাঁর (আদানি) কোনও ভয় নেই। তিনি বলেছেন, পুরনো সম্পর্ককে ঝালিয়ে নেওয়ার আগে দেশকে ভাল রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। মহুয়া বলেছেন, তাঁর টুইট কোনও বিরোধী ঐক্য বিরোধী নয়, তা গণতন্ত্রের পক্ষে।
এর আগে আদানি গোষ্ঠীকে নিয়ে পাওয়ারের মন্তব্যে ২০২৪-এর আগে বিরোধীদের মধ্যে ঐক্য নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি করে। পাওয়ার এব্যাপারে কংগ্রেসের থেকে ভিন্ন অবস্থানের কথা জানিয়েছিলেন।। তিনি বলেছিলেন, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তে তিনি সুপ্রিম কোর্টের কমিটি গঠনের পক্ষে ছিলেন। কেননা তিনি মনে করেন, সংখ্যায় বেশি হওয়ার বিজেপি জেপিসিতে সংখ্যাগরিষ্ঠ হবে। যার জেরে এই তদন্ত নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হবে।












Click it and Unblock the Notifications