Mahua Moitra: আজ সংসদে মহুয়ার ভাগ্য নির্ধারণ, এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে কি অপসারিত হবেন সাংসদ?
তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদের ভাগ্য নির্ধারণ আজ। এথিক্স কমিটি আজ সংসদে মহুয়া মৈত্রের বিরুদ্ধে রিপোর্ট পেশ করবে। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোহ রয়েছে। বিজেপি আগে থেকেই হুইপ জারি করে সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।
এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে সংসদে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশের পর তাঁকে বলতে দিতে হবে। গতকালই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকারের সঙ্গে দেখা করে মহুয়া মৈত্রকে বলতে সুযোগ দেওয়ার দাবি জানিয়ে এসেছে।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রথম অভিযোগ করেন যে টাকার বিনিময়ে নাকি সংসদে প্রশ্ন করেন মহুয়া মৈত্র। তারপরেই তদন্ত শুরু করে সংসদের এথিক্স কমিটি। মহুয়া মৈত্রকে জেরা করা হয়। তদন্তে জানা গিয়েছে মহুয়া মৈত্র নাকি তাঁর সংসদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলেন দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানিকে।
তারপরেই এথিক্স কমিটি ভোটাভুটিতে মহুয়া মৈত্রের সংসদ পদ খারিজের প্রস্তাব পাস করে। তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আদানিদের নিয়ে প্রশ্ন তোলাতেই মহুয়া মৈত্রকে টার্গেট করা হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ইস্যুতে মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছেন। মহুয়া মৈত্রকে দলে বাড়তি দায়িত্বও দেওয়া হয়েছে।
মহুয়া মৈত্রকে বহিষ্কারের প্রস্তাব স্পিকারের কাছে পাঠিয়েছিল এথিক্স কমিটি। আস সেই রিপোর্ট পেশ করা হবে সংসদে। সেকারণে বিজেপি সব সাংসদদের উপস্থিত থাকার হুইপ জারি করেছে। এদিকে সংসদে মহুয়া মৈত্রকে বলতে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর মহুয়া মৈত্রকে বরখাস্ত করা হলে তার প্রতিবাদে আদালতের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেস। কাজেই আজ সংসদে মহুয়া মৈত্রের ভাগ্য নির্ধারণ নিয়ে চরম রাজনৈতিক টানাপোড়েন শুরু হবে বলে মনে করা হচ্ছে। সংসদে আজ বাড়তি উত্তেজনা থাকবে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications