Mahua Moitra: মহুয়া মৈত্র হাজিরা এড়াতেই ফের তলব করল ইডি, আর্জি মোতাবেক সময়ও মিলল না
Mahua Moitra: মহুয়া মৈত্রকে ফের তলব করল ইডি। সূত্র উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। আজ মহুয়ার দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল।
তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তারই তদন্তে ইডির তলব।

মহুয়ার বিরুদ্ধে মূল অভিযোগ করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সিবিআই তার তদন্ত চালাচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করছে একটি নন-রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্ট সংক্রান্ত গরমিলের অভিযোগ। ইতিমধ্যেই মহুয়ার সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে।
দুবের অভিযোগ ছিল, মহুয়া লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আদানি গ্রুপকে টার্গেট করতে শিল্পপতি দর্শন হিরানন্দানির কাছ থেকে উপহারের বিনিময়ে প্রশ্ন করেছিলেন। আর্থিকভাবে লাভবান হওয়ার ক্ষেত্রে মহুয়া জাতীয় সুরক্ষার সঙ্গেও আপোষ করেন বলে অভিযোগ। যদিও মহুয়া তা মানতে চাননি।
সূত্রের খবর, ইডি হাজিরা দিতে বললেও আজ মহুয়া যাননি। তিনি তিন সপ্তাহ সময় চেয়েছিলেন বলে জানা যাচ্ছে। যদিও এতটা সময় দিতে নারাজ ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এক সপ্তাহের মধ্যে তাঁকে হাজিরা দিতে সমন পাঠিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
মহুয়াকে বেশ কিছু প্রশ্ন করার পাশাপাশি ফেমা লঙ্ঘনের অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য রেকর্ড করে রাখতে চাইছেন ইডির তদন্তকারী অফিসাররা। বেশ কয়েকটি অ্যাকাউন্টের লেনদেন ইতিমধ্যেই রয়েছে তদন্তকারীদের স্ক্যানারে। লোকপালের নির্দেশ মেনে ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সিবিআই।
তবে মহুয়ার পাল্টা দাবি, লোকপালের তরফেও সিবিআইকে তদন্তভার দেওয়া সংক্রান্ত কোনও নির্দেশ ওয়েবসাইটে নেই। সিবিআইও সরকারিভাবে কিছু জানায়নি। সূত্র সাংবাদিকদের কিছু নাকি বলছে, তাতেই চলছে মিডিয়া সার্কাস। ১৩ হাজার কোটি টাকার কয়লাকাণ্ড নিয়ে আদানির বিরুদ্ধে সরব হওয়াতেই তাঁকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মহুয়া।












Click it and Unblock the Notifications