মহারাষ্ট্রের পুরভোটে মহাজুটির ঝড়, ২০০ এর গণ্ডি ছাড়াল শাসক জোট, পিছিয়ে এমভিএ
মহারাষ্ট্রের পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনের গণনায় স্পষ্ট এগিয়ে শাসক জোট মহাজুটি। সর্বশেষ প্রবণতা অনুযায়ী, রাজ্যজুড়ে ২০০ এর বেশি আসনে প্রাধান্য দেখাচ্ছে বিজেপি, শিবসেনা,এনসিপি জোট। বিপরীতে বিরোধী মহা বিকাশ আঘাডি (এমভিএ) উল্লেখযোগ্যভাবে পিছিয়ে।
রাজ্যের ২৮৬টি পুরসভা ও নগর পঞ্চায়েতে সভাপতি ও সদস্য পদে রবিবার সকাল ১০টা থেকে গণনা শুরু হয়। ফলাফলের প্রাথমিক চিত্রে দেখা যাচ্ছে, পুরসভা নির্বাচনে মহাজুটি ১৭২টি কাউন্সিলে এগিয়ে এর মধ্যে বিজেপি ৯০, একনাথ শিন্দে নেতৃত্বাধীন শিবসেনা ৪৯ ও অজিত পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি ৩৩টিতে এগিয়ে। অন্যদিকে এমভিএ এগিয়ে ৪৫টি কাউন্সিলে কংগ্রেস ২৫, এনসিপি (এসপি) ১২ ও শিবসেনা (ইউবিটি) ৮টি। 'অন্যান্য' প্রার্থীরা এগিয়ে ২৩টি কাউন্সিলে।

নগর পঞ্চায়েতের ক্ষেত্রেও মহাজুর দাপট স্পষ্ট। এখানে মহাজুটি এগিয়ে ৩৪টিতে বিজেপি ২৬, শিবসেনা ৫ ও এনসিপি ৩। এমভিএ এগিয়ে মাত্র ৫টিতে (কংগ্রেস ৩, শিবসেনা ইউবিটি ২), অন্যরা ২টিতে এগিয়ে।
ভোটদানের হারও উল্লেখযোগ্য। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম দফায় ২৬৩টি স্থানীয় সংস্থায় ভোট পড়ে ৬৭.৩ শতাংশ। শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফায় ২৩টি সংস্থায় ভোটদানের হার ছিল ৪৭.০৪ শতাংশ। ধুলের ডোন্ডাইচা পুরসভা ও সোলাপুরের আঙ্গার নগর পঞ্চায়েতে সভাপতি ও সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। জামনের পুরসভা সভাপতির নির্বাচনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়।
এদিকে বহু এলাকায় শাসক জোটের শরিকদের মধ্যেই 'বন্ধুত্বপূর্ণ লড়াই' চলছে। ফলে নির্বাচনী সমীকরণ হয়েছে বহুমাত্রিক, একদিকে বিজেপি নেতৃত্বাধীন মহাজুুটির সঙ্গে এমভিএ এর টক্কর, অন্যদিকে জোটের অন্দরেও প্রতিদ্বন্দ্বিতা। সব মিলিয়ে মহারাষ্ট্রের স্থানীয় ভোটে শাসক জোটের প্রভাবই আপাতত সবচেয়ে চোখে পড়ার মতো।












Click it and Unblock the Notifications