পশ্চিমবঙ্গের পর এবার মহারাষ্ট্রের ট্যাবলো প্রস্তাব খারিজ কেন্দ্রের
পশ্চিমবঙ্গের পর এবার মহারাষ্ট্রের ট্যাবলো প্রস্তাব খারিজ কেন্দ্রের
প্রজাতন্ত্র দিবসের প্যারেড উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের পর এবার মহারাষ্ট্রের ট্যাবলো প্রস্তাবকে খারিজ করল কেন্দ্র সরকার। বৃহস্পতিবারই তৃণমূল সরকারের পক্ষ থেকে এ নিয়ে বিজেপি শাসিত কেন্দ্র সরকারের সমালোচনা করা হয়। এর আগে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলো প্রত্যাখান করে কেন্দ্র। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ করায় কেন্দ্র এভাবে রাজ্যবাসীকে অপমান করল।

জানা গিয়েছে, ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ২২টি প্রস্তাব এবং ছ’টি কেন্দ্রীয় মন্ত্রক এবং আরও বেশ কিছু সহ মোট ৫৬টি ট্যাবলো প্যারেডের জন্য বাছাই করা হয়েছে। মহারাষ্ট্রের ট্যাবলোটি ছিল রাজ্যের ১৭৫ বছরের থিয়েটারের সফর ঘিরে। কিন্তু রিপোর্টে জানা গিয়েছে যে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক থেকে তা অনুমোদিত হয়নি। প্রত্যেক বছরই কিছু রাজ্যকে সুযোগ দেওয়া হয় এই প্যারেডে যোগদানের জন্য। কেন্দ্রের তীব্র সমালোচনা করে এনসিপি নেতা সুপ্রিয়া সুলে বলেন, 'প্রজাতন্ত্র দিবস গোটা দেশজুড়ে পালিত হয় এবং সব রাজ্যেরই উচিত এই প্যারেডে অংশ নেওয়া। তবে সরকার আক্রমণাত্মক আচরণ করছে এবং অবিজেপি–শাসিত রাজ্যগুলির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। দেশের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ উভয়ই। এটা রাজ্যের অপমান এবং আমি এর তীব্র নিন্দা করছি।’
বুধবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ট্যাবলোর প্রস্তাব প্রত্যাখান করা হয়। এক বিবৃতিতে সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলো নিয়ে বিশেষজ্ঞ কমিটি দু’বার বৈঠকের পরই পরই নাকচ করা হয়েছে। এই ঘটনার পর সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী তাপস রায় বিজেপি শাসিত সরকারকে দুষেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব রাখে কেন্দ্র। তাপস রায় বলেন, 'নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করার জন্যই রাজ্যের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করল কেন্দ্র। আমরা যেহেতু সিএএ বিরোধীতা করেছি, তাই আমাদের ট্যাবলো প্রত্যাখান করেছে কেন্দ্র।’ এটাই প্রথম নয়, এর আগেও পশ্চিমবঙ্গের ট্যাবলো প্রত্যাখান করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। যদিও রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ট্যাবলোর নিয়ম–নীতি সঠিকভাবে মানা হয়নি বলেই তা নাকচ করা হয়েছে।












Click it and Unblock the Notifications