যে কোনও শিবসৈনিক মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসুন! বিধায়করা চাইলে ইস্তফা দিতে প্রস্তুত উদ্ধব
বিধায়করা চাইলে ইস্তফা দিতে প্রস্তুত, বিদ্রোহী বিধায়কের চিঠির পর বললেন উদ্ধব
মহারাষ্ট্রের বিজেপি বিরোধী জোট সরকারের পতন কি স্রেফ সময়ের অপেক্ষা? মহারাষ্ট্রের বিদ্রোহী মন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে সিংহভাগ শিবসেনা বিধায়কের বিদ্রোহের পর ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তারপর সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, বিধায়করা চাইলে তিনি ইস্তফা দিতে প্রস্তুত।

বুধবার উদ্ধব ঠাকরে ভার্চুয়াল বৈঠকে বলেন, "কিছু বিধায়ক আমাদের ফোন করছেন। তাঁরা ফোন করে বলেছেন যে, তাঁরা ফিরে আসতে চান।" মুখ্যমন্ত্রী এদিন বিদ্রোহীদের জবাবে জানিয়ে দেন, শিবসেনা কখনও হিন্দুত্ব ত্যাগ করেনি, কখনও হিন্দুত্ব ত্যাগ করবেও না। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সাফ কথা, শিবসেনার হিন্দুত্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনও কারণই নেই।
উদ্ধবের কথায়, "হিন্দুত্ব আমাদের নিঃশ্বাসে। হিন্দুত্বের জন্য কে কী করেছে তা নিয়ে কথা বলার সময় এটা নয়। আমি বালাসাহেবের হিন্দুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তা এগিয়ে নিয়ে যাব শেষ রক্তবিন্দু পর্যন্ত।" তিনি বলেন, বিদ্রোহীরা নিছকই বিদ্রোহের তাগিদে হিন্দুত্বকে একটা ইস্যু করছে। তাঁদেরও ভাবার সময় এসেছে।
সেইসঙ্গে উদ্ধব জানিয়ে দেন, যদি বিধায়করা চান, তবে আমি ইস্তফা দিতে প্রস্তুত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, "যদি কোনও বিধায়ক আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে না চান, আমি বর্ষা বাংলো (মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন) থেকে আমার সমস্ত জিনিসপত্র মাতোশ্রীতে নিয়ে যেতে প্রস্তুত আছি।"
একইসঙ্গে তিনি বলেন, যদি কংগ্রেস বা এনসিপি বলে যে, আমার মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয়, সেটা আলাদা কথা। কিন্তু আমার নিজের দল আমার লোক এই দাবি তুলেছে। তাই বিধায়করা বলুন, আমি প্রস্তুত। এরপর উদ্ধব ঠাকরে বলেন, তবে শিব সৈনিকরা যতক্ষণ আমার সঙ্গে রয়েছেন, আমার চিন্তার কিছু নেই। আমি নির্ভয়।
তিনি বলেন, "আমি বিস্মিত এবং হতবাক এই কারণে যে কংগ্রেস বা এনসিপি নয়, আমার দল থেকেই এই আওয়াজ উঠেছে। কংগ্রেস নেতা কমল নাথও বলেছেন, আমার মুখ্যমন্ত্রী থাকা উচিত। তবুও, যদি আমার দলের লোকেরা বলেন যে, আমার উচিত নয় মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকা, তবে আমি ছেড়ে দিতে এক মুহূর্ত দেরি করব না।" তিনি বলেন, "আমার পদত্যাগ পত্র রেডি করাই আছে। যে কোনও শিবসৈনিক মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারেন।"
বিদ্রোহী বিধায়ক-মন্ত্রী একনাথ শিন্ডের পক্ষে ৩৪ জন বিধায়ক সই করে সম্প্রতি চিঠি পাঠিয়েছেন উদ্ধব ঠাকরকে। তাঁরা একবনাশ শিন্ডেকে পরিষদীয় নেতা হিসেবে চেয়েছেন। ৩৪ জন বিধায়কের এই চিঠির পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর প্রতি সেনা বিধায়কদের সমর্থন সংখ্যালঘু হয়ে পড়েছে। এই অবস্থায় তিনি ভার্চুয়াল বৈঠক করে শেষ রক্ষা করার চেষ্টা করছেন।












Click it and Unblock the Notifications