Eknath Shinde: অসুস্থ শিন্ডে, বিদায়ী মুখ্যমন্ত্রীকে পর্যবেক্ষণে ৩-৪ জন চিকিৎসক; কবে শপথ গ্রহণ মহারাষ্ট্রে?
Eknath Shinde: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার মাঝেই অসুস্থ একনাথ শিন্ডে। সাতারার গ্রামের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী (Outgoing CM)। সূত্রের খবর, তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন তিন থেকে চারজন চিকিৎসক। মহারাষ্ট্রে মহাজুটির (Mahayuti) সরকার গড়ার আগে অসুস্থ শিন্ডে।
পারিবারিক চিকিৎসক সূত্রে খবর, জ্বরে ভুগছেন একনাথ শিন্ডে। ঠান্ডা লেগে গলায় ইনফেকশন হয়ে গিয়েছে তাঁর। গত দুই দিন ধরেই অসুস্থ ছিলেন। অ্যান্টোবায়োটিকস ও স্যালাইন দেওয়া হয়েছে তাঁকে। আগামী ২ দিনের মধ্যে কিছুটা সুস্থ হতে পারেন একনাথ শিন্ডে। শিন্ডে বর্তমানে স্থিতিশীল রয়েছেন বলে জানান চিকিৎসক আর এম পাত্রে।

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে জোট শরিকদের উপস্থিতিতে বৈঠকের পর সোজা সাতারার গ্রামের বাড়িতে পাড়ি দেন শিন্ডে। মুম্বইতে মহাজুটির বৈঠক থাকলেও তা বাতিল করেন তিনি। এরপরই শুরু হয় জল্পনা। মুখ্যমন্ত্রীর পদ (CM Post) ছাড়া নিয়ে অসন্তোষের জেরেই তিনি বাড়ি ফিরে গিয়েছেন বলে জল্পনা উসকে দেয় রাজনৈতিক মহলের একাংশ।
যদিও সেই দাবি নস্যাৎ করে শিবসেনাসহ অন্যান্য মহাজুটির সঙ্গীরা। বিদায়ী মন্ত্রী উদয় সামন্ত (Uday Samant) সাফ জানিয়ে দেন, "শিন্ডে অসন্তুষ্ট নন। বরং ওঁর শরীর ভালো নেই। উনি অসন্তুষ্ট হয়ে বাড়ি গিয়েছেন এটা বলা ভুল। মহারাষ্ট্রে উন্নয়নের জন্য সবসময় লড়াই করার বার্তা দিয়েছেন শিন্ডে।"
অন্যদিকে, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা কিছুটা হলেও কেটে গিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন শপথ গ্রহণের (Oath Taking) দিনক্ষণ। আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টায় মুম্বইয়ের আজাদ ময়দানে নতুন মহাজুটির সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী যে বিজেপিরই হবেন তা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন মহাজুটির শরিক এনসিপির অজিত পাওয়ার (Ajit Pawar)। শনিবার জল্পনা কাটিয়ে অজিত স্পষ্টতই জানান এ কথা। শিবসেনার একনাথ শিন্ডে ও তিনি নিজে উপমুখ্যমন্ত্রীর পদে বসবেন বলেও জানিয়ে দেন অজিত পাওয়ার।












Click it and Unblock the Notifications