Narendra Modi: মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে রেকর্ড ভোটদানের আহ্বান মোদীর, সুদূর গায়ানা থেকে এক্স হ্যান্ডেলে বার্তা
Maharashtra-Jharkhand Assembly Elections 2024: বুধবার সকাল থেকে ভোটগ্রহণ চলছে দেশের দুই রাজ্যে। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। মহারাষ্ট্রে এক দফায় হলেও ঝাড়খণ্ডে এদিন দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। সুদূর দক্ষিণ আমেরিকার গায়ানায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখান থেকেই দুই রাজ্যে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিলেন মোদী।
দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের সকালে এক্স হ্যান্ডেলে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ঝাড়খণ্ডে ভোটদানে রেকর্ড গড়ার আহ্বান মোদীর। প্রথম ভোটদাতাদের (First Time Voters) অভিনন্দন জানিয়ে মোদী বলেন, "আপনাদের প্রত্যেক ভোট রাজ্যের কাছে সম্পদ।" ঝাড়খণ্ডবাসীকে উৎসবের মেজাজে ভোট দেওয়ার আহ্বান জানান মোদী।

মহারাষ্ট্রের ভোট নিয়েও বার্তা মোদীর। আলাদাভাবে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। সকলকে ভোটদানে অংশ নিতে আহ্বান প্রধানমন্ত্রীর। সকল যুব ও মহিলা ভোটারদেরও ভোট দিতে আহ্বান মোদীর। গণতন্ত্রের উৎসবে মহারাষ্ট্রবাসীকে সামিল হতে আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গায়ানায় (Modi in Guyana) পা রেখে ইতিহাস গড়লেন মোদী। গত ৫৬ বছরে এই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে পা রাখলেন। জর্জটাউনে (Georgetown) মোদীর বিমান অবতরণ করতেই রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হয় মোদীকে। গার্ড অফ অনারও দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রীকে।
গায়ানায় প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির (Mohamed Irfaan Ali) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন নরেন্দ্র মোদী। দক্ষিণ আমেরিকার এই দেশের সংসদেও বক্তৃতা রাখবেন মোদী। CARICOM বা ক্যারিবিয়ান কমিউনিটি অ্যান্ড কমন মার্কেটে ভারতের সক্রিয় ভূমিকা নিয়েও আলোচনা সারবেন মোদী। গোষ্ঠীর অন্তর্ভুক্ত রাষ্ট্রনেতাদের সঙ্গে মোদীর সাক্ষাতেরও কথা রয়েছে।
প্রযুক্তিগত উদ্ভাবন, কৃষি, খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য ও পরিকাঠামো সংক্রান্ত একাধিক বিষয়ে বৃহস্পতিবার গায়ানায় ক্যারিকম ও ভারতের বৈঠকের কথা রয়েছে। মোদীর এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেছেন গায়ানায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অমিত এস তেলাং (Amit S Telang)।
অমিত বলেন, "গায়ানায় ক্রমশ ভারতীয়দের সংখ্যা বাড়ছে। ভারতীয় পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী ও পেশাদারদের সংখ্যা বেড়েই চলেছে। মোদীর সফর ঘিরে এখানের ভারতীয়দের মধ্যে খুবই উন্মাদনা দেখা গিয়েছে। আমি আত্মবিশ্বাসী যে, প্রধানমন্ত্রী মোদীর এই সফর দুই দেশের সম্পর্ক আগামিদিনে আরও মজবুত করবে।"












Click it and Unblock the Notifications