ভীমা-কোরেগাঁও দাঙ্গার মামলা প্রত্যাহার করতে চলেছে মহারাষ্ট্র সরকার
ভীমা-কোরেগাঁও দাঙ্গার মামলা প্রত্যাহার করতে চলেছে মহারাষ্ট্র সরকার
গদিতে বসার পরই এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন উদ্ভব ঠাকরে। ভীমা-কোরেগাঁও মামলা প্রত্যাহার করতে চলেছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিলেন যে, ভীমা-কোরেগাঁও হিংসার ঘটনায় দায়ের হওয়া মামলা প্রত্যাহার করতে চলেছে মহারাষ্ট্রের 'মহা বিকাশ আগাড়ি' বা এমভিএ সরকার।

তবে এই মামলা গুলিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এবং মাওবাদীদের সাথে যোগসূত্র থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ গুলিকে যুক্ত করা হয়নি। এই মামলা প্রত্যাহার সংক্রান্ত বিষয় নিয়ে এনসিপি তার কাছে তাকে যে চিঠি লিখেছিল সে সম্পর্কে জানতে চাইলে শিবসেনা প্রধান ঠাকরে সাংবাদিকদের বলেন, “ আমাদের মনে হয় এই সংক্রান্ত সমস্ত ভুয়ো মামলা প্রত্যাহার করা উচিত। প্রকৃতপক্ষে গুরুতর অপরাধ ব্যতীত পূর্ববর্তী সরকারও ভীমা-কোরেগাঁওয়ের হিংসার মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছিল। সেই প্রক্রিয়াটি যাতে দ্রুত শেষ করা যায় আমরা তা নিশ্চিত করবো।”
ঠাকরে সরকার আরেয় ও নানার রিফাইনারি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের পর নতুন দাবি করতে দেখা যায় এনসিপিকে। সূত্রের খবর, এনসিপির বরিষ্ঠ বিধায়ক প্রকাশ গজভিয়ে ভীম কোরেগাঁওয়ে দায়েরকৃত মামলা প্রত্যাহার করার পাশাপাশি ইন্দু মিল আন্দোলন সংক্রান্ত বিষয়েও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন।
২০১৮ সালের ১লা জানুয়ারি ভীমা কোরেগাঁওয়ের যুদ্ধের স্মৃতিসৌধে হিংসাত্মক ঘটনা ও পরবর্তী দাঙ্গার ক্ষেত্রে বেশ কিছু যুবক, মহিলা এবং দলিত কর্মীদের ভুলভাবে জড়িত করা হয়েছিল বলে শোনা যায়। একইভাবে, বাবাসাহেব আম্বেদকরের প্রতীকী স্মৃতিসৌধের জন্য ইন্দু মিলের জমিটি দ্রুত হস্তান্তরের দাবিতে আন্দোলনকারী যুবকদেরও ভুল ভাবে এই মামলায় জড়িত করা হয়েছিল বলে অভিযোগ। দলিত সম্প্রদায়ের প্রতি ন্যায়বিচার দিতে এই সমস্ত মামলা দ্রুত প্রত্যাহার করা উচিত বলে মুখ্যমন্ত্রীকে লেখা ওই চিঠিতে লেখেন এনসিপি বিধায়ক গজভিয়ে।












Click it and Unblock the Notifications