Maharashtra Election: ফড়নবীশের স্ত্রীয়ের রিলসে আপত্তি কানহাইয়ার! কংগ্রেস নেতাকে তুলোধনা উপমুখ্যমন্ত্রীর
Maharashtra Assembly Election 2024: ভোটের মহারাষ্ট্রে নাটকের অভাব নেই। রাজনীতির ময়দান ছেড়ে ঘরেও পৌঁছে যাচ্ছে আক্রমণ। বৃহস্পতিবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের (Devendra Fadnavis) স্ত্রীকে উদ্দেশ্য করে কটূক্তির অভিযোগ ওঠে কংগ্রেস নেতা কানহাইয়া কুমারের (Kanhaiya Kumar) বিরুদ্ধে। শুক্রবার পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা ফড়নবীশ।
নাগপুরের জনসভা থেকে কানহাইয়া বলেন, "ওরা (বিজেপি) ধর্ম রক্ষা করার কথা বলে। ধর্ম রক্ষার দায়িত্ব সকলের একসঙ্গে নেওয়া উচিত। আমরা ধর্মরক্ষায় ব্যস্ত থাকব আর উপমুখ্যমন্ত্রীর স্ত্রী রিলস বানাতে ব্যস্ত থাকবে, এটা তো মেনে নেওয়া যায় না।"

কানহাইয়ার এই মন্তব্যের পরই সমালোচনা ঝড় মারাঠা রাজনীতিতে (Maharashtra Politics)। পাল্টা সরব হয়েছে মহারাষ্ট্র বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, "এই মন্তব্য প্রত্যেক মারাঠি মহিলার অপমানের সমান।" স্ত্রী আমরুতা ফড়নবীশের অপমানে শুক্রবার পাল্টা জবাব দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
এদিন এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ফড়নবীশ বলেন,"এই ধরনের ব্যক্তিগত আক্রমণ বিগত পাঁচ বছর ধরে সহ্য করছি। আমার বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর কর্মসূচি নিয়ছে মহা বিকাশ অঘাড়ি। এটা নতুন কিছু নয়। বিগত আড়াই বছর ধরে আমি স্বরাষ্ট্রমন্ত্রী থেকেছি। তাই আমি জানি এর নেপথ্যে কে রয়েছে।"
ফড়নবীশ আরও বলেন, "মহিলাদের এরকম ব্যক্তিগত আক্রমণ করে ওদের লজ্জা হওয়া উচিত। সত্যের পথে থাকলে হেনস্থা হতেই হবে, কিন্ত হারাতে তো পারবে না। ওদের একমাত্র লক্ষ্য দেবেন্দ্র ফড়নবীশকেই হারানো। কিন্তু জনগণ বুঝেছে আমাকে টার্গেট করা হচ্ছিল, তাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন।"
নাগপুরের সভা থেকে শুধু ফড়নবীশকেই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও (Amit Shah) আক্রমণ করেন কানহাইয়া। বলেন, "অমিত শাহের ছেলে জয় শাহ কি কোনওদিন ধর্ম বাঁচাত আসবেন সব ছেড়ে? ওরা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখান তারপর ড্রিম ১১-তেও খেলতে বলেন। স্বপ্ন দেখান কিন্তু তা বাস্তবে ভুয়ো হয়।"












Click it and Unblock the Notifications