Maharashtra Congress: মহারাষ্ট্রে ‘আত্মনিরীক্ষণ’ কংগ্রেসের, ব্যর্থতা মেনে রাজ্য সভাপতির পদ ছাড়লেন নানা পাটোলে
Maharashtra Congress: মহারাষ্ট্রে শোচনীয় ফল মহা বিকাশ আঘাড়ির। এবার রাজ্য কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নানা পাটোলে (Nana Patole)। বিরোধী জোটের প্রধান দল কংগ্রেস ১০৩ আসনে প্রার্থী দিয়ে মাত্র ১৬টি আসনে জিতেছে। মাত্র ২০৮ ভোটের ব্যবধানে সাকোলি থেকে জিতেছেন নানা পাটোলে। দলের ভরাডুবি স্বীকার করে ইস্তফা দিলেন তিনি।
বালাসাহেব থোরাটের জায়গায় ২০২১ সালে মহারাষ্ট্র কংগ্রেসের দায়িত্ব নেন পাটোলে। তাঁর নেতৃত্বেই বিগত লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে ১৭টি আসনে প্রার্থী দিয়ে ১৩টি আসনেই জেতে কংগ্রেস। জোটে সবচেয়ে বেশি আসন পেয়ে বিধানসভা নির্বাচনের আগে আসন রফা নিয়ে নাছোড়বান্দা ছিল কংগ্রেস। পাটোলেকে নিয়ে আসন রফায় বসতেই চায়নি উদ্ধবের শিবসেনা। সংঘাত হয়েছিল শরদ পাওয়ারের এনসিপির সঙ্গেও।

বিধানসভা নির্বাচনের (Maharashtra Assembly Election 2024) দুই দিন আগেও আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল নানা পাটোলের মুখে। কার্যত শরিকদের তোয়াক্কা না করেই তিনি বলেন মহারাষ্ট্রে কংগ্রেসই সরকার গঠন করবে। স্বাভাবিকভাবেই চটে যান উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত। পাটোলের মন্তব্যের ঘোর বিরোধিতা করেন তিনি। আর এবার ফলাফলের পর হার স্বীকার করে পদে ইস্তফা দিলেন নানা পাটোলে।
সূত্রের খবর, মহারাষ্ট্রে শোচনীয় ফলের পর আত্মনিরীক্ষণের (Introspection) পথে হাঁটতে পারে কংগ্রেস। আসন ধরে ধরে ফল পর্যালোচনায় নামবে হাত শিবির। এনিয়ে নানা পাটোলে জানান, "আমরা ইভিএম নিয়ে আর মন্তব্য করতে চাই না। কংগ্রেসের পক্ষে পরাজয়ের কারণ খুঁজে বের করার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এটাই উপযুক্ত সময়।"
মহা বিকাশ আঘাড়িতে (Maha Vikas Aghadi) কংগ্রেস পেয়েছে মাত্র ১৬টি আসন, উদ্ধব ঠাকরের শিবসেনা পেয়েছে ২০টি আসন। মেরেকেটে ১০টি আসনে জয়ের মুখ দেখতে পেরেছে শরদ পাওয়ারের শিবসেনা। মহারাষ্ট্রে কংগ্রেসের ভরাডুবি নিয়ে মোদী বলেন,"কংগ্রেস নিজেও ডোবে, অপরকেও ডোবায়। মহারাষ্ট্রের ফলাফলেও তা দেখা গেল। মহা বিকাশ আঘাড়ির শরিক দলকে ডুবিয়ে দিয়েছে কংগ্রেস।"












Click it and Unblock the Notifications