লোকসভা নির্বাচনের আগে জোর ধাক্কা মহারাষ্ট্র কংগ্রেসে! দল থেকে ইস্তফা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
আসন্ন লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্র কংগ্রেসে বড় ধাক্কা। প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবন সোমবার দল থেকে পদত্যাগ করেছেন। তিনি রাজ্যে দলের প্রতি অসন্তুষ্ট ছিলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী দিনে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন।
মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান নানা পাটোলেকে দেওয়া এল লাইনের পদত্যাগপত্রে তিনি লিখেছেন, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছেন ২০২৪-এর ১২ ফেব্রুয়ারি দুপুর থেকে।

আরও জানা গিয়েছে অশোক চবন সোমবার মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহু নার্ভেকারের সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্যদিকে, কয়েকজন বিজেপি শীর্ষ নেতা বিজেপির মুম্বই অফিসে পৌঁছেছেন। চবনের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনার মধ্যে উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ অপেক্ষা করতে ও ঘটনা দেখার পরামর্শ দিয়েছেন।
সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, মিডিয়া থেকে তিনি অশোক চবনের কথা শুনেছেন। কিন্তু তিনি এখন এটাই বলতে পারেন, কংগ্রেসের বেশ কয়েকজন বড় নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। যে নেতারা জনগণের সঙ্গে যুক্ত তারা কংগ্রেসে দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে রয়েছেন। তিনি আরও বলেছেন, বেশ কয়েকজন বড় মুখের কংগ্রেসের যোগ দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।
এর আগে মিলিন্দ দেওরা ও বাবা সিদ্দিকি কংগ্রেস ত্যাগ করেছিলেন। প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি অজিত পাওয়ারের এনসিপিতে যোগদান করেছেন. তার কয়েকদিন পরে দলত্যাগ করলেন অশোক চবন।
রবিবার অশোক চবন তাঁর উদ্বেগ নিয়ে আলোচনা করতে এআইসিসির তরফে মহারাষ্ট্রের ইনচার্জ রমেশ চেন্নিথালার সঙ্গেও দেখা করেন।
২০০৮-এর ডিসেম্বর থেকে ২০১০-এর নভেম্বর পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অশোক চবন। তাঁকে মহারাষ্ট্রের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি মহারাষ্ট্রের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কররাও চবনের ছেলে। তিনি মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক-সহ দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।












Click it and Unblock the Notifications