মহারাষ্ট্রকে বঞ্চিত করে মোদীর স্বপ্ন পূরণ অসম্ভব, বাজেট প্রসঙ্গে কটাক্ষ উদ্ধব ঠাকরের
শনিবার ২০২০-২১ অর্থবর্ষের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এরপরই একের পর এক অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাজেটের সমালোচনায় মুখর হন। সেই সুরেই বাজেট নিয়ে এবার নিজের অশন্তোষ প্রকাশ করলেন একদা বিজেপির শরিক থাকা শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বাজেটে মহারাষ্ট্রকে ব্রাত্য করা হয়েছে বলে অভিযোগ করেন উদ্ধব।

উদ্ধবের বক্তব্য
উদ্ধব বলেন, 'বাজেটটি মহারাষ্ট্রের জন্য খুবই হতাশাব্যঞ্জক। এই বাজেটটি মহারাষ্ট্র এবং মুম্বাইয়ের পক্ষে অন্যায়। মহারাষ্ট্র দেশের বৃদ্ধির ইঞ্জিন। তা সত্ত্বেও শহরতলির রেল নেটওয়ার্ক (মুম্বই) এবং প্রস্তাবিত লাইনগুলির বিকাশের (মধ্য ও পশ্চিম রেলপথে) কোনও উল্লেখ নেই। বাজেটে মহারাষ্ট্রের রেলওয়ে নেটওয়ার্কের উন্নয়নের ক্ষেত্রে কোনও গতি দেয়নি। শুধু মাত্র আগেই ঘোষণা করা মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেনের উল্লেখ করা হয়েছে তাতে।'

কেন্দ্রকে কটাক্ষ
তিনি কেন্দ্রকে 'সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ' মহারাষ্ট্র থেকে একটিও 'আইকনিক সাইট' চিহ্নিত না করা হতাশা প্রকাশ করেন। উন্নয়নের জন্য মাহারাষ্ট্রের কোনও ঐতিহাসিক স্থানকে বিবেচনা না করার বিষয়েও প্রশ্ন উত্থাপন করেন উদ্ধব। গতকাল বাজেট পেশের মসয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, দেশের প্রত্নতাত্বিক ভান্ডারের পুনরুজ্জীবনে ৫টি জাদুঘর বা সংগ্রহশালা তৈরির কথা করা হবে।

বেজায় চটেছেন উদ্ধব
দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক প্রত্নতাত্বিক নিদর্শন। সেগুলি সংরক্ষণ করে পাঁচটি রাজ্যে নতুন সংগ্রহশালা বা জাদুঘর তৈরির কথা ঘোষণা করা হয়েছে। হরিয়ানা, তামিলনাড়ু, অসম এবং উত্তর প্রদেশে তৈরি হবে এই পাঁচটি সংগ্রহশালা বা মিউজিয়াম। হরিয়ানার রাখিগাড়ি, উত্তর প্রদেশের হস্তিনাপুর, অসমের শিবসাগর, গুজরাটের ধোলাভিরা এবং তামিলনাড়ুর আদিচান্নালুরে তৈরি হবে এই সংগ্রহশালাগুলি। এই তালিকাতেই মহারাষ্ট্রের কোনও জায়গার নাম উল্লেখ না থাকায় বেজায় চটেছেন উদ্ধব।

'মহারাষ্ট্রে সঙ্গে সৎ মায়ের মতো আচরণ'
উদ্ধব আরও বলেন, 'মহারাষ্ট্রে সঙ্গে সৎ মায়ের মতো আচরণ বাজেটে স্পষ্ট হয়ে উঠেছে। গুজরাতের আন্তর্জাতিক অর্থ কেন্দ্রকে আরও শক্তিশালী করা হয়েছে। এদিকে মুম্বাই, যা দেশের প্রবৃদ্ধিতে সর্বাধিক অবদান রাখে, ইচ্ছাকৃতভাবে তাকে এড়িয়ে চলেছে কেন্দ্র।'

মোদীর স্বপ্ন পূরণ হবে না!
এদিকে দেশের অর্থনীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, 'চলতি আর্থিক বর্ষে প্রবৃদ্ধির হার থাকবে মাত্র ৫ শতাংশ। এদিকে অর্থনৈতিক সমীক্ষায় বলা হচ্ছে আগামী অর্থবর্ষে সেই বৃদ্ধির হার বেড়ে হবে ৬.৫ শতাংশ। আমার মতে এটা সম্ভব নয়। আর তাও যদি হয়, এই প্রবৃদ্ধির হারের উপর ভর করে মোদীর ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানো সম্ভব হবে বলে আমার মনে হয় না।'












Click it and Unblock the Notifications