Maharashtra CM: বিজেপি থেকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, খোলসা করলেন অজিত, শপথে থাকছেন মোদী
Maharashtra CM: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখনই বড় দাবি করলেন কেয়ারটেকার উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। তাঁর দাবি, বিজেপি থেকেই পরবর্তী মুখ্যমন্ত্রী পাবে মহারাষ্ট্র।
অজিত পওয়ারের দাবি, নতুন যে মহায়ুতি সরকার গঠিত হতে চলেছে তাতে মুখ্যমন্ত্রী বিজেপির। তাঁর নেতৃত্বাধীন এনসিপি ও একনাথ শিণ্ডের শিবসেনা থেকে দুজন উপ মুখ্যমন্ত্রী থাকবেন।

বর্তমানে কেয়ারটেকার উপ মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন অজিত। তিনি বলেছেন, মহায়ুতির দিল্লিতে যে বৈঠক হয়েছে সেখানেই ঠিক হয়েছে মহারাষ্ট্রে আমরা সরকার গড়ছি। মুখ্যমন্ত্রী হবেন বিজেপি থেকে। বাকি ২ দল থেকে উপ মুখ্যমন্ত্রী রাখা হবে।
মহারাষ্ট্রে সরকার গঠনে দেরির বিষয়টি এবারই প্রথম নয় বলেও দাবি করেছেন অজিত। তাঁর কথায়, ১৯৯৯ সালে সরকার গঠন করতে লেগেছিল ১ মাস। উল্লেখ্য, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি ১৩২টি আসন পেয়েছে বিজেপি।
একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন শিবসেনা ও অজিত পওয়ারের এনসিপি পেয়েছে যথাক্রমে ৫৭ ও ৪১টি আসন। মহায়ুতি সরকারে বিজেপির সঙ্গে এই দলগুলি রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত না হওয়াতেই সরকার গঠনে বিলম্ব হচ্ছে।
যদিও মহারাষ্ট্রে বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ৫ ডিসেম্বর দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানে হবে মহায়ুতি সরকারের শপথগ্রহণ। বিজেপি সূত্রে খবর, দু-বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিণ্ডে সরকারে উপ মুখ্যমন্ত্রী থাকা দেবেন্দ্র ফড়নবীশই এগিয়ে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার বিষয়ে।
গতকাল মহায়ুতির বৈঠক হওয়ার কথা থাকলেও হয়নি। কেয়ারটেকার মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে সাতারা জেলায় নিজের গ্রামে গিয়েছেন। কাল বৈঠক হতে পারে মহায়ুতির। ফড়নবীশকে সমর্থন করছেন অজিত পওয়ার। শিণ্ডেও জানিয়ে দিয়েছেন, বিজেপি যাঁর নাম ঠিক করবে তাঁকেই মেনে নেবেন। কোনও প্রতিবন্ধকতা তৈরি করবেন না।












Click it and Unblock the Notifications