Narendra Modi: ‘কংগ্রেসের মাথায় দেশভাগের চক্রান্ত,’ মহারাষ্ট্রের সভা থেকে অলআউট আক্রমণ মোদীর
Narendra Modi: মাস পেরোলেই নভেম্বরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন (Maharashtra Assembly Election)। দিনক্ষণ ঘোষণা না হলেও জোরকদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। আর এবার ভোটমুখী মহারাষ্ট্রে ভোটের প্রচারে গিয়ে কংগ্রেসকে (Congress) অলআউট আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। কংগ্রেস ভেদাভেদের রাজনীতি করে বলে তোপ দাগলেন মোদী। একইসঙ্গে ভোটের আগে সকলকে কংগ্রেসের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ারও বার্তা দিলেন নরেন্দ্র মোদী।
মহারাষ্ট্রের বিদর্ভের ওয়াসিম এলাকার কাছে জনসভা করেন মোদী। সেখান থেকেই কংগ্রেসকে একহাত নেন তিনি। বলেন, কংগ্রেস শহুর নকশালদের দ্বারা পরিচালিত। দেশকে বিভাজন করতে চায় কংগ্রেস। একে অপরের গোষ্ঠীর বিরুদ্ধে কুৎসা রটিয়ে হিংসা ছড়ানোই কংগ্রেসের লক্ষ্য় বলে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদীর।

এদিন কংগ্রেসকে নিশানা করে শ্লেষের সুরে মোদীকে বলতে শোনা যায়, "কংগ্রেসের থেকে সতর্ক থাকুন। আমরা ঐক্য়বদ্ধ হলে কংগ্রেসের দেশভাগের পরিকল্পনা ব্যর্থ হবে।" ভারত বিরোধী শক্তিগুলির সঙ্গেও কংগ্রেসের আঁতাত রয়েছে বলে অভিযোগ করেন মোদী।
জাতিবৈষম্য নিয়েও কংগ্রেসকে খোঁচা মোদীর। দলিথ থেকে আদিবাসী, গরিব ও অনগ্রসর শ্রেণিদের কংগ্রেস অবজ্ঞা করে এসেছে বলে কটাক্ষ করেন মোদী। কংগ্রেস কোনওদিনই সমাজের পিছিয়ে পড়াদের উন্নতি চায়নি বলেও দাবি করেন নরেন্দ্র মোদী।
দিনকয়েক আগে দিল্লিতে আন্তর্জাতিক মাদক চক্রের পর্দাফাঁসকাণ্ডেও (Drug Racket Busted in Delhi) কংগ্রেস যোগের অভিযোগ তোলেন নরেন্দ্র মোদী। মাদক চক্রের মূল অভিযুক্ত কংগ্রেস নেতা বলে বিস্ফোরক দাবি করেন মোদী। যুবসমাজকে নেশায় ঠেলে টাকা হাতিয়ে তা নির্বাচনের কাজে কংগ্রেস ব্যবহার করেছে, মহারাষ্ট্রের সভা থেকে এমনই অভিযোগ নরেন্দ্র মোদীর।
বিজেপির দাবি, মাদক চক্রের কিংপিন তুষার গোয়ল দিল্লির প্রদেশ যুব কংগ্রেসের আরটিআই সেলের চেয়ারপার্সন। যদিও সে অভিযোগ নস্য়াৎ করেছে হাত শিবির। পাল্টা তাদের দাবি, ২০২২ এ দলবিরোধী কাজের জন্যে তুষার গোয়লকে আগেই বহিষ্কার করা হয়েছে।
মহারাষ্ট্রে প্রচারে গিয়ে পোহড়াদেবী মন্দিরে প্রার্থনা করেন মোদী। বানজারা গোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে খুব পবিত্র বলে মানা হয় এই স্থানকে। বিগত লোগসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এই অঞ্চলের ৬০টির মধ্যে ২০টি আসনেই এগিয়ে ছিল বিজেপি সমর্থিত মহাযুতি জোট। কংগ্রেসের থেকে মানুষ মুখ ফিরিয়েছে বলে দাবি বিজেপির। সেই সুযোগকেই কাজে লাগিয়ে এবার কংগ্রেসকে দুষলেন মোদী।
জনসভা থেকে পরিবারতন্ত্র নিয়েও কংগ্রেসকে আক্রমণ শানান মোদী। এদিন তাঁর সঙ্গে জনসভায় উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde), উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণাবীশ (Devendra Fadnavis), অজিত পাওয়ার (Ajit Pawar)। জনসভা শেষে ২৩ হাজার কোটির প্রকল্পেরও শিলান্য়াসও করেন প্রধানমন্ত্রী।
আগামী ২৬ নভেম্বর ফুরোচ্ছে মহারাষ্ট্রের বিধানসভার মেয়াদ। তার আগেই করা হবে নির্বাচন। মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনে ভোট দেবেন মোট ৯.৫৯ কোটি জনতা। জম্মু-কাশ্মীর ও হরিয়ানার ফলাফলের দিনই নির্ঘণ্ট ঘোষণা হতে পারে মহারাষ্ট্রের নির্বাচনের।












Click it and Unblock the Notifications