Maharashtra Assembly Election 2024: ভোট-চর্চায় সরগরম মহারাষ্ট্র, দশেরার অনুষ্ঠানে যুযুধান শিন্ডে-উদ্ধব
Maharashtra Politics: বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে পরের সপ্তাহেই (Maharashtra Assembly Election) । তার আগে উৎসবের মরশুমেও সরগরম মহারাষ্ট্রের রাজনীতি। শনিবার দশেরার অনুষ্ঠান উপলক্ষ্য়ে আয়োজিত জনসভায় উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। পাল্টা একহাত নিলেন উদ্ধবও।
দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানে দশেরার (Dussehra) জনসভায় বক্তব্য রাখেন একনাথ শিন্ডে। উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা ও মিম প্রধান আসাদউদ্ধিন ওয়েইসিকে (Asaduddin Owaisi) একযোগে নিশানা করেন শিন্ডে। ভোটব্যাঙ্কের স্বার্থে উদ্ধব ওয়েইসিরা সংখ্যালঘু তোষণ (Muslim Appeasement) করছেন বলেও অভিযোগ আনেন শিন্ডে।

শিন্ডে বলেন, "মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে মহা বিকাশ অঘাড়ির (Maha Vikas Aghadi) ফল ক্ষণস্থায়ী। উদ্ধবদের বিরুদ্ধে শিবসেনা জবাব দিয়েছে। ১টি আসনে এগিয়ে ছিল শিন্ডে শিবির। এর থেকেই বোঝা যায় কারা প্রকৃত শিবসেনা।" উদ্ধবরা বালাসাহেব ঠাকরের (Balasaheb Thackeray) আদর্শ মানেন না বলেও তোপ দাগেন শিন্ডে।
এদিকে শিবাজী পার্কে দশেরার অনুষ্ঠানে গিয়ে পাল্টা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে একের পর এক কটাক্ষ ছুড়লেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রে ক্ষমতায় থাকা শাসকদলের কেউ প্রকৃত হিন্দুত্ববাদী ( Hindutva loyalists) নন বলে কটাক্ষ উদ্ধবের। বিজেপি ও তাদের শরিক শিণ্ডে শিবিরের সেনারা সুযোগসন্ধানী হিন্দু (opportunistic Hindutva বলেও আক্রমণ করেন উদ্ধব ঠাকরে। বালাসাহেব ঠাকরের নীতি আদর্শ শিন্ডেরা শুধু মুখেই আওড়ান বলেও পাল্টা নিশানা উদ্ধব ঠাকরের।
মহাভারতের উদাহরণ টেনে বিজেপিকে কৌরবদের সঙ্গে তুলনা উদ্ধব ঠাকরের। অতীতে শিবসেনার উপর ভর করেই মহারাষ্ট্রে ক্ষমতার সিংহাসনে বিজেপি অধিষ্ঠিত হয়েছিল বলেও কটাক্ষ উদ্ধবের। মহারাষ্ট্রে কৃষকদের দুর্দশা, মারাঠি ভাষাভাষির মানুষজনদের অসহায় অবস্থার অভিযোগ তুলেও বিজেপিকে দুষলেন উদ্ধব।
উৎসবের মাঝে ভোট করানো নিয়ে জটিলতা। সমস্ত তারিখ বিবেচনা করে ১৫ অক্টোবর নাগাদ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আগামী ২৬ নভেম্বর ফুরোচ্ছে মহারাষ্ট্রের বিধানসভার কার্যকালের মেয়াদ।












Click it and Unblock the Notifications