Maharashtra Assembly Election 2024: ভোট কিনতে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা! মহারাষ্ট্রে বিস্ফোরক অভিযোগ বিজেপির
Maharashtra Assembly Election 2024: ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগেও মহারাষ্ট্রে মহা শোরগোল। মহা বিকাশ অঘাড়ির নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল বিজেপি। শরদ পাওয়ারের এনসিপি গোষ্ঠীর নেত্রী সুপ্রিয়া সুলে (Supriya Sule) ও মহারাষ্ট্রের কংগ্রেসের সভাপতি নানা পাটোলের (Nana Patole) বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সি প্রতারণার অভিযোগ বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদীর (Sudhanshu Trivedi)।
বিজেপি সাংসদের দাবি,মহারাষ্ট্রের এক প্রাক্তন পুলিশকর্তাকে বিটকয়েন মারফত নগদ আদায়ের জন্য জোর করে এক অভিযুক্ত ব্যবসায়ী। ওই পুলিশকর্তা তা করতে রাজি না হওয়ায় সুপ্রিয়া সুলে ও নানা পাটোলের অডিও ক্লিপ শোনানো হয় বলে দাবি বিজেপি সাংসদের। ভোটের কাজে টাকা লাগবে, এমনটা ওই অডিও ক্লিপে বলা রয়েছে বলেও দাবি বিজেপির।

ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে নিজেদের অভিযোগের ভিত্তিতে দুটি অডিও ক্লিপও (Audio Clip) প্রকাশ করেছে বিজেপি (BJP)। দলের সর্বভারতীয় এক্স হ্যান্ডেল থেকে সেই অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। ফোনালাপের দুটি অডিও সুপ্রিয়া সুলে ও নানা পাটোলের বলে দাবি বিজেপির। কংগ্রেসকে পাঁচ দফা প্রশ্নবাণেও বিদ্ধ করেছেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী।
যদিও গোটা ঘটনা অস্বীকার করেছেন এনসিপি (NCP) নেত্রী সুপ্রিয়া সুলে। এক্স হ্যান্ডেলে পাল্টা সরব হয়েছেন তিনি। ভোটের কয়েক ঘণ্টা আগে ভোটারদের বিপথে চালিত করতে মিথ্যে খবর ছড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজেপিকে আক্রমণ সুপ্রিয়ার। তিনি বলেন,"অপপ্রচার চালানোর এই প্রয়াস স্পষ্ট। সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে এটা কাম্য নয়।"
নির্বাচন কমিশনে (Election Commission of India) এনিয়ে অভিযোগ দায়ের করেছেন বলেও জানান সুপ্রিয়া সুলে। পুনের প্রাক্তন পুলিশকর্তা গৌরব মেহতা ও রবীন্দ্রনাথ পাতিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের সুপ্রিয়ার। একইসঙ্গে সমস্ত অভিযোগ নস্যাৎ করে জনসমক্ষে এনিয়ে বিজেপিকে বিতর্কে বসার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন সুপ্রিয়া।
অন্যদিকে, ভোটের ঠিক কয়েক ঘণ্টা আগে মহারাষ্ট্রের পালঘর জেলায় বিজেপি নেতার বিরুদ্ধে নগদ বিতরণের অভিযোগ আনল বহুজন বিকাশ অঘাড়ি। মহারাষ্ট্রের বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওদের বিরুদ্ধে এফআইআর দায়ের বিরোধীদের। যদিও টাকা বিলির অভিযোগ মিথ্যে বলে দাবি বিজেপি নেতার।












Click it and Unblock the Notifications