Maharashtra Assembly Election: যোগীর মন্তব্য থেকে নিজেকে দূরে রাখছেন অজিত পাওয়ার
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের রাজনৈতিক প্রচার তুঙ্গে। পাশাপাশি ফুটছে রাজনৈতিক পারদ। বিজেপির তারকা প্রচারক উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রচারে রয়েছেন। তবে তাঁর বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন চর্চা। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার তাঁর বক্তব্যের ধারকাছ দিয়ে যাচ্ছেন না।
মহারাষ্ট্রে মহাজুটি জোট প্রচারের গতি বাড়িয়েছে। ওই রাজ্যে নির্বাচনী প্রচারে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর তাঁর একটি স্লোগান নিয়ে চর্চাও হচ্ছে৷ " বাটেঙ্গে তো কাটেঙ্গে" এই স্লোগান নিয়েই শুরু হয়েছে চর্চা। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ভাগ করলেই কাটব৷ যোগীর এই মন্তব্য নিয়ে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

দিন কয়েক ধরে 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' স্লোগানটি বিভিন্ন রাজ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মহারাষ্ট্র নির্বাচনে অজিত পাওয়ার এই স্লোগান নিয়ে বেশি চর্চা করতে চাইছেন না। তিনি এই স্লোগানের থেকে নিজেকে দূরেই রেখেছেন।
মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী, এনসিপি প্রধান অজিত পাওয়ার বলেন, "মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের। মহারাষ্ট্র রাজর্ষি শাহু মহারাজ ও মহাত্মা ফুলের। মহারাষ্ট্রকে অন্য রাজ্যের সঙ্গে তুলনা করা যায় না। এই রাজ্যের মানুষ সেটি পছন্দ করে না। তিনি আরও বলেন, শিবাজি মহারাজের শিক্ষা ছিল সমাজের সমস্ত অংশকে সঙ্গে নিয়ে চলা।
মহারাষ্ট্রের নির্বাচনের একটা ইতিহাস আছে।
অন্যান্য রাজ্যের লোকজন যখন মহারাষ্ট্রে আসে, তাঁরা বক্তব্য রাখেন। কিন্তু মহারাষ্ট্র কখনও তা মেনে নেয়নি। রাজ্যের মানুষ এই ধরনের মন্তব্য পছন্দ করে না। বার্তা দিয়েছেন অজিত পাওয়ার।
তাহলে কি শেষ পর্যায়ে এসে মহাজুটি জোটে কোনও বিতর্ক দানা বাঁধল? এই স্লোগান কতটা প্রভাব ফেলবে ভোটব্যাঙ্কে? বিজেপির তরফ থেকে এই বিষয়ে কিছু বলা হচ্ছে না। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা ভোট৷ একই দিনে ২৮৮ টি আসনে নির্বাচন হবে। ২৩ তারিখ ফলপ্রকাশ হবে।












Click it and Unblock the Notifications