Ajit Pawar: মহারাষ্ট্রে মহা অস্বস্তি, মুখ্যমন্ত্রীর সঙ্গে তুমুল তর্কে জড়িয়ে বৈঠক ছাড়লেন উপমুখ্যমন্ত্রী!
Maharashtra Assembly Election: মাস পেরোলেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা। তার আগে অস্বস্তিতে শাসক শিবির। মন্ত্রিসভার বৈঠকে চরম হইহট্টগোল। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) সঙ্গে তুমুল তর্কাতর্কির পর বৈঠক থেকে বেরিয়ে গেলেন উপমুখ্যমন্ত্রী তথা মহাযুতি (মহাজোটের) শরিক এনসিপি নেতা অজিত পাওয়ার (NCP leader Ajit Pawar)।
সূত্রের খবর, ভোটের আগে একাধিক কল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। আচমকাই মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting)বেঁকে বসেন অজিত পাওয়ার। মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সায় দেননি তিনি। উল্টে সেই সমস্ত প্রস্তাবের বিরোধিতা করতে থাকেন তিনি। এরপরই দুই তরফের তুমুল তর্কাতর্কিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মেজাজ হারিয়ে ওয়াকআউট করেন এনসিপি সভাপতি।

মহারাষ্ট্রে উন্নয়নের লক্ষ্য়ে এদিন একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ভোটের মরশুমে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ মহাযুতি (মহাজোট) (Mahayuti Govt)। কিন্তু সেই লক্ষ্য়ে কার্যত জল ঢেলে দেন অজিত পাওয়ার। মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে জোটকে আরও অস্বস্তিতে ফেললেন তিনি।
অজিত পাওয়ারকে সরাতে চাইছে শিন্ডে শিবির? মারাঠা রাজনীতিতে জোর জল্পনা। দিনকয়েক আগে সেই জল্পনা আরও উসকে দিয়েছে এনসিপি নেতার এক মন্তব্য। গাডচিরোলির জনসভায় গিয়ে অজিত পওয়ার বলেন, "দয়া করে পরিবার ভাঙবেন না। যারা পরিবারে ভাঙন ধরায়, মানুষ তাদের মোটেই পছন্দ করেন না। আমার নিজেরই এই অভিজ্ঞতা রয়েছে। আমি মনে করি, আমারই ভুল ছিল। সেটা স্বীকারও করছি।"
এর আগে আসন রফা হলেও একাধিক আসন নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে অজিতদের দলে। আর এবার সরাসরি বিতর্কে জড়িয়ে মন্ত্রিসভার বৈঠক ত্যাগ করলেন অজিত পাওয়ার। তবে কি ফের দূরত্ব ভুলে শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে ঐক্যবদ্ধ হবেন অজিত? এক হয়ে যাবেন কাকা-ভাইপো? জোর জল্পনা ভোটমুখী মহারাষ্ট্রে।
এদিন অবশ্য মন্ত্রিসভা থেকে বেরিয়ে অন্য কথা বলেন অজিত। শিন্ডে ও ফড়ণাবীশের সঙ্গে কথা বলেই বৈঠক ছেড়েছেন বলে দাবি তাঁর। লাতুরে জনসভা রয়েছে বলে জানান তিনি। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে তরজা প্রসঙ্গে মুখ খোলেননি তিনি।












Click it and Unblock the Notifications