Maharashtra Assembly Election 2024: মা-বোনেদের ভোটেই ভরসা, লড়কি বেহেন যোজনাই খেলা ঘোরাবে মহারাষ্ট্রে?
Maharashtra Assembly Election: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আর ৩ দিন বাকি। ২০ নভেম্বর ভোটের লড়াইয়ে মহাজুটি বনাম মহা বিকাশ অঘাড়ি। মহাজুটিতে বিজেপির সঙ্গে জোটবদ্ধ রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি। অন্যদিকে মহা বিকাশ অঘাড়িতে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি। মহিলা ভোটব্যাঙ্ককে টার্গেট করে ঝাঁপিয়েছে দু'পক্ষই।
বাংলার লক্ষ্মীর ভান্ডারের মতোই প্রকল্প রয়েছে মহারাষ্ট্র সরকারেরও। রাজ্যের মহিলাদের মাসিক ভাতা প্রদানের সেই প্রকল্পের নাম লড়কি বেহেন যোজনা। স্কিমের আওতায় সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ১৫০০ টাকা করে পান ২১ থেকে ৬৫ বছর বয়সের মধ্যবর্তী মহিলারা। পরিবারের বার্ষিক ইনকাম সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা পর্যন্ত হলে এই মাসিক ভাতা দেওয়া হয়।

ভোটের মহারাষ্ট্রে লড়কি বেহেন স্কিমে (Ladki Bahin Scheme) টাকার অঙ্ক বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে মহাজুটি (Mahayuti)। ১৫০০ টাকা থেকে ২১০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। একইসঙ্গে ২৫ হাজার মহিলা পুলিশ নিয়োগেরও প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি (BJP) নেতৃত্বাধীন শাসক শিবির।
অপরদিকে ক্ষমতায় এলে মহালক্ষ্মী প্রকল্পের আওতায় মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে বিরোধী শিবির মহা বিকাশ অঘাড়ি (Maha Vikas Aghadi)। শুধু তাই নয়, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে তারা।
বিধানসভা ভোটে সরকারের এই ক্যাশ ট্রান্সফার স্কিমই ভোটের ফসল ঘরে তুলবে বলে আশাবাদী মহাজুটি। রাজনৈতিক মহলও মনে করছে, মহারাষ্ট্রের ভোটে মূল নির্ণায়ক হবেন লড়কি বেহেন উপভোক্তা মহিলারাই। কোন সরকার, কোন দল এক্ষেত্রে তেমন বিবেচ্য নয়। রাজ্যের আনাচে-কানাচে স্কিম নিয়ে আলোচনা জুড়লেই, মহিলাদের বলতে শোনা যাচ্ছে শুধুই একনাথ শিন্ডের নাম।
বান্দ্রা পূর্বের বাসিন্দা বছর ষাটের সুভান শেখ। স্থানীয় রাজনীতি সম্পর্কে ভালোই খোঁজখবর রাখেন তিনি। এদিন তিনি বলেন, "লড়কি বেহেন যোজনায় এখনও পর্যন্ত সাড়ে সাত হাজার টাকা পেয়েছি। ওই স্কিমেই বিনামূল্যে প্রথম তিনটি রান্নার গ্যাসের জন্য ৮০২ টাকা অতিরিক্ত পেয়েছি আমি।" সুভান জানান, মাসিক ভাতার টাকা দিয়ে ওষুধ কিনছেন তিনি।
মহারাষ্ট্রে ভোটের প্রচারে এসে জনসভা থেকে বারবার লড়কি বেহেনে (Ladki Bahin) অঙ্ক বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) থেকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। বাড়ি বাড়ি স্থানীয় স্তরে প্রচারেও সেই প্রতিশ্রুতিকে সামনে রাখছেন বিজেপি-সহ জোটের নেতারা।
এই অবস্থায় বিরোধী শিবির ক্ষমতায় এলে প্রকল্প বন্ধ হয়ে যাবে না তো? প্রশ্ন তুললেন বছর বাহান্নর খুরশিদা সাব্বির। বিরোধী জোটও পাল্টা স্কিম আনার প্রতিশ্রুতি দিয়েছে। তবে রাজনৈতিক মহলের মত, অতি লোভে তাঁতি নষ্টের আশঙ্কা থেকেই মহাজুটিকে সুবিধা করে দেবেন রাজ্যের মহিলারা।
লডলি বেহেন প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছিল মধ্যপ্রদেশে। শিবরাজ সিং চৌহানের সরকারকে ক্ষমতায় ফিরিয়ে এনেছে এই প্রকল্পই। বাংলায় গত লোকসভা ভোটের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন, দুর্নীতি ইস্যুর থেকেও বড় ফ্যাক্টর হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার। মহারাষ্ট্রেও তেমনই ফল আশা করছে বিজেপির নেতৃত্বাধীন মহাজুটি। ২৩ নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা। মহারাষ্ট্রের ভোটে মহিলারাই গেমচেঞ্জার হবেন কিনা, জানা যাবে সেদিনই।












Click it and Unblock the Notifications