Maharashtra Assembly Election: বারবার বদলে আস্থা, মহারাষ্ট্রের মসনদে খেলা ঘোরাতে পারে মুম্বই-পুনের ‘সুইং সিটস’
Maharashtra Assembly Elections 2024: সকাল ৭টা থেকে মহারাষ্ট্রে চলছে ভোটগ্রহণ। বুধবার এক দফাতেই সেখানে বিধানসভা নির্বাচন। শাসক জোট মহাজুটি বনাম মহা বিকাশ অঘাড়ির লড়াইয়ে বিশেষ নজর রাজ্যের ৫৭টি বিধানসভা কেন্দ্রে। যেখানে প্রত্যাবর্তন নয়, বারংবার পালাবদলে আস্থা রেখেছেন ভোটাররা। এবারের ভোটেও তাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে 'সুইং সিটস' (Swing Seats)।
মুম্বই (Mumbai) তো বটেই, মহারাষ্ট্রের অপর বড় শহর রয়েছে পুনে (Pune)। এই দুই শহরের বেশকিছু আসন এবারের নির্বাচনে বিশেষ নজরে রয়েছে। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় মুম্বইয়ে মোট ৩৬টি আসন ও পুনেতে রয়েছে ২১টি আসন।

এরমধ্যে মুম্বইয়ের পাঁচটি আসন ও পুনের সাতটি আসনে বারবার বদলের (Change in MLA) পক্ষে সায় দিয়েছেন ভোটররা। বুথ ফেরত সমীক্ষার উল্টো ফল মিলেছে এই আসনগুলিতে। আর তাই এবারের ভোটেও বিশেষ নজর ওই আসনগুলিতে।
সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেট গুলির ফলাফল আমরা দেখেছি। সুইং স্টেটগুলি সাধারণত প্রতিবার একই রাজনৈতিক দলের পক্ষে ভোট দেয় না। সাত রাজ্যের ইলেকটোরাল ভোটের উপর নির্ভর করে প্রেসিডেন্ট নির্বাটন। বলা হয়, এই সাতটি স্টেট যার দখলে যাবে, তিনিই প্রেসিডেন্ট হবেন। চলতি বছরে সাতটি স্টেটেই জয়ী হয়েছেন ট্রাম্প। ঠিক সেরকমই, সুইং সিটস রয়েছে মহারাষ্ট্রে।
গত ২টি বা তিনটি বিধানসভা নির্বাচনে বারবার বিধায়কে বদল এনেছেন এই আসনের ভোটাররা। প্রথমেই রয়েছে মুম্বইয়ের দাহিসার আসন। এখানে ২০০৯ সালে শিবসেনা জিতলেও ২০১৪ ও ২০১৯-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। চান্দিভালি আসনে ২০০৯, ২০১৪ সালে কংগ্রেস জিতলেও ২০১৯ সালে জেতে শিবসেনা।
অনুশক্তি নগর আসনে ২০০৯ সালে জমিতেছিলেন এনসিপির নয়াব মালিক। ২০১৪-তে জেতেন শিবসেনার তুকরাম রামকৃষ্ণ। ২০১৯ এ ফের এনসিপির নয়াব মালিক জিতেছিলেন। ওয়াদালা আসনে ২০০৯ ও ২০১৪-তে কংগ্রেস জেতার পর ২০১৯-এ জেতে বিজেপি।
বাইকুল্লা আসনে পরপর তিনটি নির্বাচনে তিনবারই বদল হয়েছে। ২০০৯ সালে কংগ্রেস জিতলেও ২০১৪ তে সেখানে জেতেন আসাদউদ্দিন ওয়েইসির দল মিমের প্রার্থী। ২০১৯ সালে আবার ওই আসনে শিবসেনা প্রার্থী জিতেছিলেন। বান্দ্রা পূর্ব আসনে ২০০৯, ২০১৪ সালে শিবসেনা জিতলেও ২০১৯ সালে জেতেন কংগ্রেসের জিশান বাবা সিদ্দিকি।
তেমনই পুনের জুন্নার আসনে ২০০৯ সালে জেতে এনসিপি। ২০১৪ সালে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ও ২০১৯ সালে ফের এনসিপি জেতে। খেঢ় আলান্দি আসনে ২০০৯ সালে এনসিপি প্রার্থী, ২০১৪ সালে শিবসেনা প্রার্থী ও ২০১৯ সালে এনসিপি প্রার্থী জিতেছিল। শিরুর আসনে ২০০৯ সালে এনসিপি, ২০১৪ সালে বিজেপি ও ২০১৯ সালে ফের এনসিপি জেতে।
একইভাবে বারবার দল বদল হয়েছে দৌন্ড,পুরন্দর, মাভাল,পিম্পরি, বড়গাঁও সেরি, হদপসর আসনেও। তাই মহারাষ্ট্রের ভোটে নজর (Focus on Swing Seats) রয়েছে এই আসনগুলিতে। মহারাষ্ট্রের মসনদের খেলা ঘোরাতে পারে এই স্যুইং সিটগুলি।












Click it and Unblock the Notifications