Maharashtra Assembly Election 2024: আসন রফায় জট, মহারাষ্ট্র কংগ্রেস সভাপতির মুখই দেখতে চান না উদ্ধবের নেতা!
Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে আসন ভাগাভাগি নিয়ে বেজায় অস্বস্তিতে উদ্ধব ঠাকরের শিবসেনা ও কংগ্রেস (Shiv sena and Congress)। ২৮৮ আসনের মধ্যে ২৬০টি আসনে রফা হলেও ২৮টি আসন নিয়ে এখনও দু'দলের কাজিয়া লেগেই রয়েছে। আর এই আবহে কংগ্রেসের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য উদ্ধবের শিবসেনার নেতা সঞ্জয় রাউতের (Sanjay Raut)।
কংগ্রেস সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে দাবি সঞ্জয় রাউতের। মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলের (Nana Patole) সঙ্গে বৈঠক করবেন না বলে সাফ জানিয়ে দেন রাউত। তিনি বলেন, "কংগ্রেসের রাজ্য নেতারা সিদ্ধান্ত নিতেই পারেন না বলে আমার মনে হয়। সবকিছুই দিল্লিতে জানাতে হয়। তার থেকে বরং কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে কথা বলে সমাধান হোক।"

আর শিবসেনা নেতার এই মন্তব্যের পরই অস্বস্তি বেড়েছে মহা বিকাশ অঘাড়ি জোটের (Maha Vikas Aghadi) অন্দরে। শনিবারই পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি মুম্বইতে আসছেন মহারাষ্ট্রে কংগ্রেসের (Maharashtra Congress) ইনচার্জ রমেশ চেন্নিথালা। কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
এদিকে রাউতের এমন মন্তব্যের পর প্রতিক্রিয়া দিয়েছেন নানা পাটোলেও। মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি বলেন, "উদ্ধবের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি হোক বা কংগ্রেস, সবাইকেই তাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা করতে হয়। আমাদেরও কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক রয়েছে আগামী ২০ অক্টোবর। সেখানেই আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাউত কেন এই মন্তব্য করলেন তা জানা নেই।"
সূত্রের খবর, ২৮৮ বিধানসভা আসনের মহারাষ্ট্রে ১০০টি করে আসনে শিবসেনা ও কংগ্রেস প্রার্থী দেবে বলে প্রস্তাব রাখেন উদ্ধব ঠাকরেরা। বাকি ৮৮ আসন এনসিপির জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান তাঁরা। ছোট ছোট শরিক দলগুলিকে এই আসনগুলি থেকেই কিছু কিছু ছেড়ে দেওয়া হবে। যদিও শিবসেনার দাবি, ১২৫টি আসনে প্রার্থী দিতে চেয়ে নাছোড়বান্দা কংগ্রেস। বিদর্ভ এলাকাও তাঁরা শিবসেনাকে ছাড়তে নারাজ।
পাল্টা অভিযোগ এনেছে কংগ্রেসও। উদ্ধব ঠাকুরেরা প্রথমে ৮০ -৮৫ আসনে তাঁদের জোর রয়েছে জানালেও এখন তাঁরা বেঁকে বসেছে বলে দাবি কংগ্রেসের। "শিবসেনা এখন ১০০ আসন চাইছে। তবে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে," জানান এক কংগ্রেস নেতা।
সঞ্জয় রাউত অবশ্য জানিয়েছেন ইতিমধ্যেই এব্যাপারে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ও মুকুল ওয়াসনিকের সঙ্গে কথা হয়েছে তাঁর। মহারাষ্ট্র কংগ্রেসের ইনচার্জ চেন্নিথালার সঙ্গেও কথা বলেছেন তিনি। তবে সমস্যার সমাধান চাইতে এবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) দ্বারস্থ হতে পারেন সঞ্জয় রাউত।
আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে হতে চলেছে বিধানসভা ভোট। এক দফাতেই হবে ভোটগ্রহণ। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৯ অক্টোবর। ৩০ অক্টোবর হবে মনোনয়নের নিরীক্ষণ। মনোনয়ন প্রত্যাহার করতে হবে ৪ নভেম্বরের মধ্যে। মহারাষ্ট্রে ভোট গণনা ২৩ নভেম্বর।












Click it and Unblock the Notifications