Atul limaye: RSS-র সাজানো ঘুঁটিতেই কেল্লাফতে, মহারাষ্ট্রে মহাজুটির জয়ের নেপথ্যের নায়ককে চেনেন?
Maharashtra Assembly Election 2024 Result: লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে সন্তোষজনক ফল উদ্বেগ বাড়িয়েছিল বিজেপির (BJP)। সেকারণেই বিধানসভা নির্বাচনে বিজেপির ঘুঁটি সাজাতে মুখ্য ভূমিকা নিতে নামে আরএসএস (RSS)। জাতপাতের ভেদাভেদ ভুলে হিন্দু ভোট একত্রিত করাই ছিল একমাত্র লক্ষ্য। হাতেনাতে মিলল সুফলও। কুশলীর ভূমিকায় নেপথ্যের নায়ক একজন ইঞ্জিনিয়ার।
মহারাষ্ট্রে ফিরছে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটির সরকার (Mahayuti Govt)। মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাড়ি (Maha Vikas Aghadi)। নির্বাচনে অন্যতম ফ্যাক্টর ছিল মারাঠা ভোট (Maratha Votes)। সংরক্ষণ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের জেরে মারাঠা ভোট হাতছাড়া হবে বলেই ধরে নিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু খেলা ঘুরিয়ে দিল আরএসএস।

মহাজুটির প্রধান দল বিজেপির হয়ে মাঠে ঘাটে প্রচার-সহ হিন্দু ভোট জোটবদ্ধ করতে কোমর বেঁধে নেমেছিলেন আরএসএসের ক্ষেত্র প্রচারক তথা কনিষ্ঠতম যুগ্ম সাধারণ সম্পাদক বছর চুয়ান্নর অতুল লিমায়ে। মারাঠা সম্প্রদায়ের নেতাদের মন জয় থেকে ও ওবিসি ভোটব্যাঙ্ক কবজায় রাখা ও সর্বোপরি হিন্দু ভোট একত্রিত করায় মুখ্য ভূমিকা ছিল তাঁরই।
মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা অতুল লিমায়ে (Atul Limaye)। বহুজাতিক সংস্থার চাকরি ছেড়ে আরএসএসে যোগ দেন তিনি। পশ্চিম মহারাষ্ট্রের প্রান্ত প্রচারক থাকার পর ক্ষেত্র প্রচারকের দায়িত্ব পান তিনি। মহারাষ্ট্র, গুজরাট, গোয়া রয়েছে তাঁর দায়িত্বে। নিজের ক্ষেত্রগুলিতে তৃণমূল স্তরে জনসংযোগে জোর দেন অতুল। সেখানের সামাজিক-রাজনৈতিক অবস্থা নিয়ে ওয়াকিবহাল থাকেন।
২০১৬-১৭ সালে ছত্রপতি শিবাজীকে শ্রদ্ধা জানাতে শিব শক্তি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অতুল। প্রায় ৬০ হাজার সংঘ স্বেচ্ছাসেবকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে হাজির হন। হিন্দুদের একত্রিত করতে তাঁর ভূমিকা নজর কেড়েছিল। লোকসভা ভোটের পর হিন্দু ভোট বিভাজন রুখতেও সক্রিয় ভূমিকা নিতে অতুলকে দেখা যায়।
মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রামে গঞ্জে মারাঠা সম্প্রদায়ের প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করেন অতুল। জাতপাতের ভেদাভেদ না করে হিন্দু ভোট একত্রিত করলেই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন। একা তিনি নন, সঙ্গে বুদ্ধিজীবীদেরও সাহায্য় নেন অতুল। আরএসএসের প্রচারক হিসেবে প্রতিশ্রুতি দেন সমস্যা নিরসনের। আর তাঁর ফলশ্রুতি বিধানসভা নির্বাচনের ফলাফলেই দেখা গিয়েছে বলে দাবি অতুল-ঘনিষ্ঠ বরিষ্ঠ এক প্রচারকের।
বিধানসভা ভোটের আগে ঘরে ঘরে আরএসএসের 'সজাগ রাহো' কর্মসূচি নজর কেড়েছিল। হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়ে অতুলের সঙ্গে সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা। যার জেরে মহারাষ্ট্রে হিন্দু ভোটাররা একজোট হয়ে বিজেপিকে ভোট দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications