Congress: ভোট বৈতরণীতে ডুবন্ত কংগ্রেসই ডোবাল মহা বিকাশ আঘাড়িকে? মারাঠা রাজনীতি পেরিয়ে প্রশ্ন দিল্লিতেও

Maharashtra Assembly Election 2024: বছরের শুরু থেকেই কংগ্রেসকে পরজীবী খোঁচা দিয়ে আসছিল মোদী-শাহরা। লোকসভা ভোটের প্রচারেও তা অন্যতম হাতিয়ার ছিল বিজেপির। কংগ্রেসকে হারিয়ে রাজ্যগুলির বিধানসভা নির্বাচনেও সেই আক্রমণের ধারা বজায় রেখেছে গেরুয়া শিবির। মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ি মুখ থুবড়ে পড়তেই ফের একবার ইন্ডিতে প্রশ্নের মুখে কংগ্রেসের ভূমিকা।

ঝাড়খণ্ডে অবশ্য জয়ী হয়েছে জেএমএম কংগ্রেসের জোট। কিন্তু তাতে চিঁড়ে ভিজছে না ইন্ডিতে। ইন্ডির প্রধান বড় সর্বভারতীয় দলের উপর মহারাষ্ট্রের মহা-প্রভাবই এখন ভাবাচ্ছে শরিকদের। ডুবতে থাকা কংগ্রেসই কি মহারাষ্ট্রে ভোট বৈতরণী পার করাতে গিয়ে ডুবিয়ে দিল মহা বিকাশ আঘাড়িকে? মারাঠা রাজনীতির আঙিনা পেরিয়ে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জাতীয় রাজনীতিতেও।

RAHUL

বাকি রাজ্যগুলির তুলনায় মহারাষ্ট্রে কংগ্রেসের সংগঠন ধারে-ভারে এগিয়ে থাকায় সরাসরি মুখ্যমন্ত্রীর আসন নিয়ে বুক বাঁধছিলেন হাত শিবিরের নেতারা। অনেক সময় আবার শরিকদের তোয়াক্কা না করেই আলটপকা সিদ্ধান্ত নেওয়ারও অভিযোগ রয়েছে কংগ্রেসের বিরুদ্ধে। মহা বিকাশ আঘাড়ির অপর দুই শরিক উদ্ধবের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপির অন্দরে তাই কংগ্রেসকে নিয়ে ক্ষোভের আগুন ক্রমশ বাড়ছিল বলে মত রাজনৈতিক মহলের।

কংগ্রেসকে নিয়ে শরিকদের ক্ষোভ সামগ্রিক জোটের পক্ষে যে নেতিবাচক হয়েছে, তা মহারাষ্ট্রের ফলাফলেই স্পষ্ট। হাত হাইকমান্ডকে আগেই সতর্ক করেছিলেন শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরে। কিন্তু তা মানা হল কই? বীর সাভারকরকে নিয়ে খোদ রাহুল গান্ধীর একের পর এক আক্রমণে চটলেন শরিক নেতারাই। যতক্ষণে রাহুল সেটা বুঝে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন, ততক্ষণে অবশ্য কোমর বেঁধে মহা বিকাশ আঘাড়িকে আক্রমণে নেমে পড়েছে বিজেপি।

রাজনৈতিক মহলের দাবি, আদানি ইস্যুতে কংগ্রেসের বারবার আক্রমণকেও ভালো চোখে দেখেননি শরদ পাওয়ার। ইন্ডির অন্দরেই তাই এখন দুয়োরানি কংগ্রেস। কেজরিওয়ালের আম আদমি পার্টি, অখিলেশের সমাজবাদী পার্টি, এমনকী মমতার তৃণমূল কংগ্রেস আগেই কংগ্রেসের আচরণে ক্ষোভ প্রকাশ করেছে। আর এবার, মহারাষ্ট্রের মহা-প্রভাবের দরুণ ফাটল আরও চওড়া হতে পারে ইন্ডি জোটে।

এদিকে মহারাষ্ট্রে মহাজুটির জয়ের পর বিজয় ভাষণে মোদীও উসকে দিলেন কংগ্রেসের 'পরজীবী' ভূমিকা। বলেন, "নিজের দমে সরকার গড়ার ক্ষমতা নেই কংগ্রেসের। তবু অহংকার দেখুন সপ্তমে। কংগ্রেস নিজেও ডোবে, অপরকেও ডোবায়। মহারাষ্ট্রের ফলাফলেও তা দেখা গেল।"

মহারাষ্ট্রের ফলাফল প্রশ্ন তুলে দিয়েছে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়েও। লোকসভার বিরোধী দলনেতা সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে প্রশ্ন তুলবেন মনপসন্দ একাধিক ইস্যুতে। আদানি, মণিপুর থেকে ওয়াকফ ইস্যুতে ঝড় তোলার পরিকল্পনায় রাহুল। কিন্তু তাতে শরিক দলগুলি কতটা সায় দেবে, সেই নিয়ে এখন সন্দিগ্ধ রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+