Maharashtra Assembly Election 2024: টোল ট্যাক্স ফ্রি মুম্বইয়ে, মহারাষ্ট্রে ভোটের আগে মাস্টারস্ট্রোক শিন্ডের
Maharashtra Assembly Election 2024: ভোটের আগে মহারাষ্ট্রে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর। মুম্বইতে টোল প্লাজায় (Toll Free Mumbai) দিতে হবে না টাকা। মুম্বইতে প্রবেশ ও বেরোনোর জন্য পাঁচটি টোলপ্লাজায় টোল ট্যাক্স মকুবের সিদ্ধান্ত। শুধুমাত্র হালকা যানবাহনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত লাগু হবে। বিধানসভা ভোটকে মাথায় রেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde)।
সোমবার মধ্যরাত থেকেই কার্যকর হবে সিদ্ধান্ত। এদিন মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) শেষে টোল মকুবের সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দীপাবলির আগে মুম্বইতে আসা ও শহর ছেড়ে যাওয়া মানুষদের জন্য বড় স্বস্তি। মুম্বইয়ের পাঁচটি পয়েন্ট যথা দাহিসার, এলবিএস রোড-মুলুন্ড, ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে- মুলুন্ড, আইরলি ক্রিক ব্রিজ ও ভাসিতে দিতে হবে না কোনও টোল ট্যাক্স (Toll Tax)।

ভারী যানবাহন যেমন ট্রাক, লরির ক্ষেত্রে অবশ্য এই নিয়ম থাকছে না। যাত্রীবাহী বা পণ্যবাহী ছোট গাড়ি, জিপ,ভ্যান ও মিনি ট্রাকগুলিকে দিতে হবে না টোল ট্যাক্স। দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ও শিবসেনার একাংশ। উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ও শিন্ডেগোষ্ঠীর সেনা শিবিরের একাংশ মুম্বইয়ের সমস্ত বুথে টোল মকুবের দাবি জানায়।
এদিকে মুম্বই শহরজুড়ে ৫৫টি ফ্লাইওভার বানিয়েছে মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশন। ফ্লাইওভার নির্মাণের টাকা তুলতে এই টোলপ্লাজাগুলিকে আয়ের উৎস্য হিসেবে বানায় সরকার। ১৯৯৯ সালে টোল বুথ নির্মাণের কাজে টেন্ডার ডাকা হয়। এরপর ২০০২ থেকে শুরু হয় টোল সংগ্রহ।
অবশেষে ২০২৪ এ মহারাষ্ট্রে ভোটের আগে টোল মকুবের সিদ্ধান্ত শিন্ডে সরকারের। দিনকয়েক আগেই শিব সেনা নেতা তথা প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরেও মুম্বইয়ক সমস্ত প্রবেশ পয়েন্টে টোল মকুবের দাবি জানান।
উল্লেখ্য, আগামী মাসেই মহারাষ্ট্রে হতে পারে বিধানসভা নির্বাচন। তার আগে জোরকদমে প্রচারে সমস্ত রাজনৈতিক দল। ৫ অক্টোবর নাগাদ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ২৬ নভেম্বর ফুরোচ্ছে মহারাষ্ট্রের বিধানসভার কার্যকালের মেয়াদ।












Click it and Unblock the Notifications