Maharashtra Assembly Election 2024: টিকিট না পেয়ে হাপুস কান্না, ঘর-পরিবার ছেড়ে নিখোঁজ শিন্ডে-সেনার বিধায়ক
Maharashtra Assembly Election 2024: বিধানসভা নির্বাচনের টিকিট না পেয়ে কান্নাকাটি। ২ দিন উপোসের পর নিখোঁজই হয়ে গেলেন একনাথ শিন্ডের শিবসেনার বিধায়ক (Shiv Sena MLA)। সোমবার বাড়ি থেকে কাউকে না জানিয়েই বেরিয়ে যান পালঘরের বিধায়ক শ্রীনিবাস ভাঙ্গা (Shrinivas Vanga)। পরিবারও জানে না কোথায় আছেন বিধায়ক।
২০ নভেম্বর এক দফাতেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ২০১৯ সালে জোটবদ্ধ শিবসেনা থাকাকালীন পালঘর আসন (Palghar Seat) থেকে জিতেছিলেন শ্রীনিবাস। কিন্তু ২০২৪-এ তাঁকে টিকিট দেয়নি দল। পরিবর্তে প্রাক্তন সাংসদ রাজেন্দ্র গাভিটকে প্রার্থী করেছে শিন্ডের শিবসেনা। এরপরই ক্ষোভে ফেটে পড়েছেন শ্রীনিবাস ভাঙ্গা।

পরিবার সূত্রে জানা গিয়েছে। ২ দিন না খেয়ে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। হতাশায় ভুগছিলেন। এমনকি নিজের মুখে আত্মহত্যার কথাও বলতে থাকেন তিনি। সোমবার সন্ধেয় কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। সঙ্গে থাকা দুটি ফোনই সুইচড অফ। যোগাযোগই সম্ভব হচ্ছে না শ্রীনিবাসের সঙ্গে।
শ্রীনিবাসের বাবা মহারাষ্ট্রের বিজেপি সাংসদ চিন্তামন ভাঙ্গা। ২০২২-এ শিবসেনা ভেঙে যাওয়ার সময় শিন্ডে-সেনার পক্ষ নিয়েছিলেন শ্রীনিবাস। কিন্তু ২০২৪-এ টিকিট না পেতেই সেই শিন্ডের (Eknath Shinde) বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ আনলেন পালঘরের বিধায়ক। শিন্ডে শিবিরে যোগ দিয়ে বড় ভুল করেছেন এমনটাও বলতে শোনা যায় তাঁকে।
যদিও শ্রীনিবাসের ব্যাপারে দলের অন্দরেই কানাঘুষো চলছিল। দলের মধ্যে তার ব্যাপারে নাকি নেতিবাচক ধারণা রয়েছে। সেকারণেই তাঁকে টিকিট দেওয়া হয়নি বলে দাবি। এদিকে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে উদ্ধব ঠাকরের প্রশংসায় মেতেছেন শ্রীনিবাস। উদ্ধব ঠাকরে তাঁর কাছে ভগবানসম বলেও দাবি করেন পালঘরের বিধায়ক। শিন্ডের জন্য উদ্ধবকে প্রত্যাখ্যান করা তাঁর ভুল হয়েছে বলেও দাবি করেন বিধায়ক।
সূত্রের খবর, ভাঙ্গাকে দহনু আসন থেকে জোট শরিক বিজেপির হয়ে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়েছিল শিবসেনা। কিন্তু ওই আসনে বিনোদ মেধা নামে অপর আরেকজনকে প্রার্থী করে দিয়েছে বিজেপি। এরপর শিন্ডে গোষ্ঠীর নেতারা ভাঙ্গাকে বিধান পরিষদের প্রার্থী করার ব্যাপারেও আশ্বাস দেন। যদিও তাতে চিড়ে ভেজেনি বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications