Maharashtra Assembly Election 2024: 'সেখানে গৌতম আদানি ছিলেন না', ঘরেই বিদ্রোহ! আসরে দেবেন্দ্র
Maharashtra Assembly Election 2024: ২০১৯ এর বিধানসভা নির্বাচনের পর বিজেপি ও এনসিপি যখন সরকার গঠন নিয়ে আলোচনা করেছিল, তখন সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। সম্প্রতি এমনটাই দাবি করেছেন এনসিপি নেতা অজিত পাওয়ার। এনসিপি নেতার এই দাবি একেবারেই নস্যাৎ করে দিলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।
তিনি স্পষ্ট জানিয়েছেন বিজেপি ও এমসিপি নেতাদের মধ্যে বৈঠকের সময় উপস্থিত ছিলেন না আদানি। সম্প্রতি অজিত পাওয়ার দাবি করেছেন, বিজেপি ও এনসিপি নেতাদের মধ্যে সরকার গঠন নিয়ে বৈঠক বসেছিল গৌতম আদানির বাড়িতে। আর সেই বৈঠকে নাকি হোস্টের ভূমিকায় ছিলেন আদানি।

যদিও পরে এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন অজিত পাওয়ার। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তাঁর ভুল হয়ে গিয়েছে।এদিকে দেবেন্দ্র ফড়নবিস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "সেই বৈঠকে উপস্থিত ছিলেন শরদ পাওয়ার, অজিত পাওয়ার, অমিত শাহ এবং আমি। কিন্তু গৌতম আদানি সেখানে ছিলেন না।"
এদিকে পূর্বের ইন্টারভিউতে অজিত পাওয়ারের বক্তব্য ছিল, গৌতম আদানির বাড়িতে যে বৈঠক হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন অমিত শাহ, দেবেন্দ্র ফড়নবিস, শরদ পাওয়ার এবং প্রফুল্ল পটেল। শুধু অজিত পাওয়ারই নয়, তাঁর এই মন্তব্যকে সমর্থন করেছেন শরদ পাওয়ারও। তিনিও জানান, শিল্পপতির দিল্লির বাড়িতেই বসেছিল বিজেপি ও এনসিপি বৈঠক।
অজিত পাওয়ারের এই মন্তব্যের পরই তৈরি হয় বিতর্ক। একটি রাজনৈতিক বৈঠকে কেন একজন শিল্পপতি উপস্থিত ছিলেন, তা নিয়ে ওঠে প্রশ্ন। এরপরই এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভুল স্বীকার করেন অজিত পাওয়ার।। তিনি কার্যত তাঁর মন্তব্য থেকে সরে আসেন।
তিনি বলেন, "আমি বলেছি যে আদানি সেখানে উপস্থিত ছিলেন না। আমরা আদানির গেস্ট হাউসে বৈঠক করেছিলাম। রাজ্যের সরকার গঠনে আদানির কোনও ভূমিকা ছিল না। আমরা প্রচারের কাজে এতটাই ব্যস্ত থাকি যে মাঝে মধ্যে ভুল হয়ে যায়।" কোনও চাপের মুখে কি নিজের মন্তব্য থেকে সরে আসতে বাধ্য হলেন অজিত পাওয়ার? এনসিপি নেতার দাবি, তেমন কোনও চাপ তাঁর ওপর তৈরি হয়নি।
উল্লেখ্য, ২০১৯ সালে হাত মিলিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিস ও অজিত পাওয়ার। মাত্র ৮০ ঘন্টা তথা সাড়ে তিনদিনের জন্য স্থায়ী হয়েছিল সেই সরকার। সেই নাটকীয় পরিস্থিতির পর অজিত পাওয়ার আবারও ফিরে গিয়েছিলেন অবিভক্ত এনসিপিতে। পরবর্তীতে এনসিপি, কংগ্রেস এবং অবিভক্ত শিবসেনা মিলে তৈরি করেন মহাবিকাশ আগাড়ি সরকার।
কিন্তু শিবসেনার কয়েকজন বিধায়ক একনাথ শিন্ডেকে সমর্থন করায় সেই জোট ভেঙে যায়। এরপর মহাদ্যুতি সরকারের মুখ্যমন্ত্রী হন শিন্ডে, আর উপ মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবিস। বেশ কয়েকজন বিদ্রোহী এনসিপি নেতার হাত ধরে অজিত পাওয়ারও যোগ দেন সেই শাসক জোটে। এরপর রাজ্য সরকারের আর এক উপ মুখ্যমন্ত্রী হন অজিত পাওয়ার।












Click it and Unblock the Notifications