Maharashtra Election: ভোটের প্রচারে ‘কুমন্তব্য’, মোদী-শাহর সভা নিষিদ্ধ করার দাবিতে কমিশনে অভিযোগ কংগ্রেসের
Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে ভোটের প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগে নরেন্দ্র মোদী (Narendra Modi) ও অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের কংগ্রেসের। জনসভা থেকে মিথ্যে ও কুরুচিকর মন্তব্যে মোদী-শাহর বিরুদ্ধে উসকানি ছড়ানোর অভিযোগ আনল হাত শিবির। ভোটের আগে মহারাষ্ট্রে মোদী ও শাহের জনসভায় নিষেধাজ্ঞা চাপানোর দাবি কংগ্রেসের।
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের এক সপ্তাহ আগে নভি মুম্বই, পানভেল ও শিবাজি পার্কের বিভিন্ন জনসভায় বারংবার কংগ্রেসকে (Congress) আক্রমণ শানিয়েছেন মোদী। বক্তৃতাগুলি খতিয়ে দেখে বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে কংগ্রেস। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh)।

জনসভা থেকে মোদী-শাহর বক্তৃতাগুলি নির্বাচনী প্যানেলের দৃষ্টিগোচরে আনার দাবি তুলেছে কংগ্রেস। জয়রাম রমেশের অভিযোগ, গত ৮ নভেম্বর নাসিক ও ধুলের জনসভা থেকে একের পর এক মিথ্যে, কুরুচিকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর নাম নিয়ে কটূক্তি করার অভিযোগ কংগ্রেসের সাধারণ সম্পাদকের।
মহারাষ্ট্রের বিরোধী শিবির মহা বিকাশ অঘাড়ির (Maha Vikas Aghadi) প্রধান দল কংগ্রেস। বৃহস্পতিবার জনসভা থেকে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে মোদী বলেন, "কংগ্রেস গরিবকে গরিব হিসেবে রেখে দিতে চায়। গরিবি হঠাওয়ের মিথ্যে প্রচার করে তারা। গরিবের উন্নয়নে কংগ্রেস খুশি নয়।"
অনুপ্রবেশ (Infiltration) ইস্যু নিয়েও কংগ্রেসকে তুলোধনা করেন মোদী। বলেন, "ঝাড়খণ্ডের এক কংগ্রেস নেতা অনুপ্রবেশকারীদের সস্তায় গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা বলেছেন। অনুপ্রবেশকারীদের পুজো করতে চায় কংগ্রেস। রোহিঙ্গা ও বাংলাদেশিদের সস্তায় গ্যাস সিলিন্ডার দেবে কংগ্রেস। ওরা গরিবের শত্রু। ভোট পাওয়ার লোভে কংগ্রেস আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে।"
কংগ্রেসের অভিযোগ, মোদীর বক্তব্যে ছত্রে ছত্রে জাতপাতের ভেদাভেদ ও ধর্মীয় মেরুকরণের ইঙ্গিত লুকিয়ে রয়েছে। মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ কংগ্রেসের। রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি মানুষকে প্ররোচনা দিচ্ছে বলে অভিযোগ করে কংগ্রেস। নির্বাচন কমিশনকে অবিলম্বে পদক্ষেপের আর্জি জানিয়েছে তারা।












Click it and Unblock the Notifications